জোহানেসবার্গ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত থাকার কথা ছিল নেলসন ম্যান্ডেলার। কিন্তু হঠাৎ প্রপৌত্রীর মৃত্যু এলোমেলো করে দেয় সবকিছু! অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেন আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের এই নেতা।
বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছিল ১১ জুলাই ফাইনালে মাঠে দেখা যেতে পারে ম্যান্ডেলাকে। কিন্তু সকার সিটি স্টেডিয়ামে তার উপস্থিতি নিয়ে সংশয় থাকছেই।
আয়োজক কমিটির মুখপাত্র রিচ মোকান্দো বলেন, ''প্রতিটি খেলাতেই আমরা চাই তিনি আসুন। ফাইনালেও নেলসন ম্যান্ডেলার উপস্থিতি আমরা প্রত্যাশা করছি। যদি তিনি আসেন, তাহলে আমরা খুবই খুশি হবো। যদি না আসতে পারেন তাহলেও আমরা বুঝে নেবো, তিনি পুরোপুরি সুস্থ নন।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/২০২০ ঘ.
bdnews24