কেপটাউন, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছন্দে রয়েছেন জার্মানির আক্রমণভাগের খেলোয়াড় টমাস মুলার। এবারের বিশ্বকাপে চারটি গোল করে গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে অনেকটা এগিয়ে গেছেন। কিন্তু বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে পারছেন না মুলার।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় পর্বের খেলাতে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। আর আর্জেন্টিনার বিপক্ষে হলুদ কার্ড দেখায় মুলার খেলতে পারছেন না সেমিফাইনাল ম্যাচে। ফলে বিশ্বকাপে তার সর্বোচ্চ গোল দাতা হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যেতে পারে।
তার বদলি খেলোয়াড় কে হবেন তা এখনো ঠিক হয়নি। তবে এতে মোটেই চিন্তিত নন কোচ জোয়াকিম লো।
২০ বছর বয়সী এই উইঙ্গারের জন্য এ বিশ্বকাপটি প্রথম কোনো বড় টুর্নামেন্ট। যেখানেই প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। শনিবার মুলারের দল জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফেবারিট আর্জেন্টিনা। এ জয়েও ছিল তার বড় অবদান। খেলার ৩ মিনিটেই দলকে এগিয়ে দেন তিনি। এটি এবারের বিশ্বকাপে মুলারের চতুর্থ গোল।
কোচ জোয়াকিম লো জানেন মুলারের বদলি খেলোয়াড় খুঁজে নিতে বেগ পেতে হবে না তাকে। কারণ জার্মানির তারুণ্য নির্ভর দলে প্রতিভাবান ফুটবলারের অভাব নেই।
মুলারের খেলতে না পারা সম্পর্কে জোয়াকিম বলেন, "টমাসের (মুলার) মাঠের বাইরে থাকা অবশ্যই আমাদের জন্য একটি বড় ধাক্কা। ওর বদলি খেলোয়াড় আমাদের হাতে আছে এবং আমরা সব কিছুতে মানিয়ে নিতে জানি।"
মুলারের পরিবর্তে স্টেফ্যান কিয়েসলিং বা মারিও গোমেজকে রেখে দু'দিক থেকেই আক্রমণের পরিকল্পনা রয়েছে কোচের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৯৪০ ঘ.
bdnews24