কেপটাউন, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার ধাক্কা কিছুতেই সামলে উঠতে পারছেন না ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার কোচ এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন।
স্বপ্ন ভেঙ্গে যাওয়ার বেদনায় কাতর ম্যারাডোনা দেশে ফিরেই সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন ''যে কোন মুহূর্তেই অবসরের ঘোষণা দিতে পারি আমি। এই সিদ্ধান্ত নেয়াটা সহজ নয় আমার জন্য। এ কারণেই পরিবার, বন্ধু, খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমি আমার ভবিষ্যৎ ঠিক করবো।''
শনিবার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে দল এভাবে হেরে যাবে কল্পনাও করেননি ম্যারাডোনা। তিনি বলেন ''দেখুন এখন আমার বয়স প্রায় পঞ্চাশ। জীবনের কঠিন এক মুহূর্তে দাড়িয়ে আছি আমি। এটা মনে হচ্ছে চপেটাঘাত। কিছু করার মতো শক্তিও এখন আমার নেই!''
১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই নায়ক ফুটবলার হিসেবে অবসর নেয়ার চেয়েও এই সময়টাকে বেশি যন্ত্রণাদায়ক মনে করছেন। ম্যারাডোনা বলেন ''১৯৯৭ সালে যখন বুট তুলে রেখেছিলাম তখন আমার বয়স ৩৭। ওই দিনটার অনুভূতি অনেকটাই এরকম। তবে এই দুঃখের তীব্রতা তারচেয়েও বেশি!''
জার্মানির কাছে হেরে যাওয়া ম্যাচ নিয়ে খুব বেশি কথা বলতে এ মুহূর্তে প্রস্তুত নন ম্যারাডোনা। খেলাটির কথা যেন ভুলতে পারলেই বাঁচেন জীবন্ত কিংবদন্তী। বলছিলেন ''আমার স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতার। কিন্তু উল্টোটা হলো। ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে আমাদের। আসলে খেলায় কি হয়েছে তা সবাই দেখেছেন। এ নিয়ে বেশি কথা বলতে চাই না।''
ম্যারাডোনা মনে করেন যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে গেছে জার্মানি। তিনি বলেন ''ওরা আমাদের খেলতেই দিলো না। জার্মানির কৌশলের কাছে হেরে গেছি আমরা। আর্জেন্টিনার প্রতিটি ফুটবলপ্রেমীর মতো আমিও এই ফলে হতাশ। দেশের জার্সি গায়ে দিয়ে এমন ফুটবল প্রত্যাশা করা যায় না।''
অন্যদিকে দলের তারকা ফুটবলার কার্লোস তেভেজ হারের জন্য নিজেদেরই দায়ী করলেন। তিনি বলেন ''দেখুন খারাপ খেলেছি বলেই আমরা হেরেছি। এখানে বলার কিছু নেই। এমন ফুটবল খেললে তো আগেই দেশে ফিরে যেতে হয়।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৭৫০ ঘ.
bdnews24