জোহানেসবার্গ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের জন্য নতুন একজন কোচ খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তাদের পছন্দের শীর্ষে স্বদেশি কোচ লুই ফিলিপ স্কোলারি। তার হাত ধরেই ২০০২ সালে রেকর্ড পঞ্চমবারের মত বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল।
শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে শুক্রবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফেভারিট ব্রাজিল। ওই হারের পরই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লোস ডুঙ্গা।
এরপর থেকেই ভাবা হচ্ছে স্কোলারির কথা। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দ্বিতীয় দফায় ব্রাজিলের কোচ হওয়ার কোন পরিকল্পনা তার নেই।
তবে নিজের দেশে ২০১৪ সালে হতে যাওয়া বিশ্বকাপে একটি জাতীয় দলের কোচ হিসেবে থাকতে চান তিনি। বলেন ''চারবছর পর ব্রাজিলে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সেখানে যে কোন একটি জাতীয় দলের কোচ হিসেবে কোচিং জীবন শেষ করতে পারলে দুর্দান্ত হবে।''
আগামী দু'বছর ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস নিয়ে কাজ করাই তার কাছে গুরুত্ব পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/১৭০৫ ঘ.
bdnews24