২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস ও বিশ্লেষণ

জার্মানির গতির কাছে আর্জেন্টিনা এতোটা অসহায় হয়ে যাবে ভাবিনি। কোথায় ডিয়েগো ম্যারাডোনার সেই জার্মানি বধের 'গোপন' কৌশল? ছোট ছোট পাসে কোথায় ওদের দৃষ্টিনন্দন ফুটবল?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 05:23 PM

Updated : 25 Aug 2022, 01:12 PM

জার্মানির গতির কাছে আর্জেন্টিনা এতোটা অসহায় হয়ে যাবে ভাবিনি। কোথায় ডিয়েগো ম্যারাডোনার সেই জার্মানি বধের 'গোপন' কৌশল? ছোট ছোট পাসে কোথায় ওদের দৃষ্টিনন্দন ফুটবল? ৪-০ গোলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে গেল জার্মানি। ওরা যেভাবে খেলেছে তাতে আরো বড় ব্যবধানে জিততে পারতো। এমন এলোমেলো রক্ষণভাগ নিয়ে আর যাই হোক জার্মানির মতো দলের বিপক্ষে কিছু করা যায় না। তিন ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জ, মার্টিন ডেমিক্যালিস আর নিকোলাস বোরদিসো যেন খেলার জন্যই খেলছিলেন। কিছুই করতে পারছিলেন না। বিশেষ করে হেইঞ্জকে দেখলাম রক্ষণভাগ সামলানোর বদলে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছেন। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন মুলার, পোডলস্কি আর মিরোস্লাভ ক্লোসা। তাদের অক্রমণের সামনে এলেমেলো হয়ে যায় আর্জেন্টিনার রক্ষণভাগ। এই খেলার ভিডিও নিশ্চয়ই দেখতে চাইবে না আর্জোন্টিনার খেলোয়াড়রা। এর চেয়ে বাজে ফুটবল ওদের কাছ থেকে আশা করা যায় না। লিওনেল মেসিকে এ খেলায় খুঁজে পেলাম না। আসলে ওকে নজরে রেখেছে ফিলিপ লাম ও আর্নে ফেড্রিক। বন্দি হয়েছিলেন তিনি। তবে কোচ ম্যারাডোনার সিদ্ধান্তও আমার ভালো লাগেনি। এখানে একটু নিচে খেলিয়েছেন মেসিকে। ভেরন মাঠে থাকলে হয়তো একটু সামনে থাকতে পারতো মেসি। আর্জেন্টিনার ফুটবলাররা গোলের চেয়ে যেন পাস আর ড্রিবলিং করতেই বেশি ব্যস্ত ছিলেন। জার্মানির ডি বক্সে গিয়েও ওরা ড্রিবলিংয়ে মেতেছিল! অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় পর্বের খেলা যেখানে শেষ করেছিল, সেখান থেকেই শনিবার শুরু করে জার্মানি। ইংল্যান্ড ও আর্জেন্টিনা দুই দেশকেই চারটি করে আটটি গোল দিয়েছে ওরা। সত্যিই বিস্ময়কর! ওদের গতির সামনে আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে আর্জেন্টিনা। জার্মানির ফুটবলাররা এক মুহূর্তেই প্রতিপক্ষের সীমনায় বল নিয়ে ঢুকে পড়েছে। আমার তো মনে হচ্ছে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিততে এই তরুণ দলটি প্রস্তুত। কিন্তু সেমিফাইনালে ওরা পাচ্ছে না এবারের বিশ্বকাপে চার গোল করা টমাস মুলারকে। দুই হলুদ কার্ড দেখায় মাঠের বাইরে রাখতে হবে তাকে। আমার তো মনে হচ্ছে এবারের বিশ্বকাপে 'অল ইউরোপিয়ান ফাইনাল' দেখতে পারি। এরই মধ্যে সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে নেদারল্যান্ডস। 'টোটাল' ফুটবলের জনকরা অসাধারণ ফুটবল খেলছে। উরগুয়ের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে আরিয়ান রোবেনদেরই এগিয়ে রাখবো আমি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২২৫৬ ঘ.