২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বিদায়, শেষ চারে জার্মানি

ব্রাজিলের পর এবার আর্জেন্টিনাও বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে। শনিবার আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে উঠেছে জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 01:13 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের পর এবার আর্জেন্টিনাও বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে। শনিবার আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে উঠেছে জার্মানি। খেলার ৩ মিনিটেই জার্মানিকে এগিয়ে নেন টমাস মুলার। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান মিরোস্লাভ ক্লোসা। পাঁচ মিনিট পরই তৃতীয় গোল করেন আর্নে ফ্রেডরিখ। ৮৯ মিনিটে ক্লোসা নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন। এনিয়ে তিনটি বিশ্বকাপে ক্লোসার গোল সংখ্যা দাঁড়ালো ১৪-তে। চার বিশ্বকাপে ১৫ গোল দিয়ে শীর্ষে রয়েছেন ব্রাজিলের রোনালদো। পুরো খেলায় জার্মানদের গতির কাছে দিশেহারা হয়ে পড়ে আর্জেন্টিনা। মূলত দ্রুতগতির আক্রমণের মুখে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগ অসহায় হয়ে পড়ে। একই সঙ্গে লিওনেল মেসিকে জার্মান রক্ষণভাগ কড়া পাহারায় রাখায় নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি ফিফার বর্ষসেরা ফুটবলার। নিজেদের গুছিয়ে নেয়ার আগেই গোল খায় দু'বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিন মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে ফ্রি-কিক নেন জার্মানির বাস্টেইন সোয়াইন্সটিগার। তার বাঁকানো শটে হেড করেন টমাস মুলার। আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও র‌্যামোসের পায়ে লেগে বল আশ্রয় নেয় জালে। এরপরই আর্জেন্টিনাকে চেপে ধরে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বল পেলেই মুলার, মেসুটে ওজিল, পোডলস্কি, সোয়াইন্সটিগাররা দ্রুতগতিতে ঢুকে পড়ছিলেন আর্জেন্টিনার বিপদ সীমানায়। সেই আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে হয়েছে আর্জেন্টিনার রক্ষণভাগকে। এদিকে মেসি বরাবরের মতো একটু নিচে নেমে খেললেও তাকে কড়া পাহারায় রেখেছিলেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম এবং আর্নে ফ্রেডরিখ। গঞ্জালো হিগুয়েনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ফলে অনেকটাই একা হয়ে গিয়েছিলেন কার্লোস তেভেজ। আট মিনিটে ওজিল এবং সামি খেদিরা দুরন্ত গতিতে ঢুকে পড়েন আর্জেন্টিনার রক্ষণভাগে। তাদের কোনো মতে সামাল দেন ডেমিকেলিস। ২৪ মিনিটে জার্মানি দুই গোলে এগিয়ে যেতে পারত। ডান প্রান্ত থেকে আড়াআড়িভাবে বল দিয়েছিলেন মুলার। মাত্র ছয় গজ দুর থেকে শট নেন মিরোস্লাভ ক্লোসা। কিন্তু ক্রসবারের ওপর দিয়ে চলে যায় বল। প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে আর্জেন্টিনা কিছুটা হলেও ঘুরে দাঁড়ায়। আক্রমণও করে কয়েকটি। তবে জার্মান রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। ৩২ মিনিটে আর্জেন্টিনার ডি মারিয়ার শট ধরে ফেলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নিউমার। ৩৫ মিনিটে বক্সের ভেতর জার্মানির দু'জন খেলোয়াড়কে কাটিয়ে দুর্বল শট নেন হিগুয়েন। বলটি ধরতে গোলরক্ষকের কোনো অসুবিধা হয়নি। আর্জেন্টিনার এই আক্রমণের মাঝে জার্মানদের দ্রুতগতির পাল্টা-আক্রমণ কিন্তু বিপদই ডেকে আনছিল। ৩৮ মিনিটে বক্সের মাথা থেকে পোডলস্কি বাঁ পায়ে শট নেন। বল চলে যায় আর্জেন্টিনার বারপোস্টের ঠিক বাইরে দিয়ে। ফলে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল দখলে রাখার চেষ্টা করে যায় আর্জেন্টিনা। কিন্তু বল নিয়ে সময় নষ্ট করায় আর্জেন্টিনার আক্রমণ পথ হারিয়ে ফেলছিল। তবে ৪৮ মিনিটে ডি মারিয়ার বাঁ পায়ের দূরপাল্লার শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। খেলার ৫৩ মিনিটে হিগুয়েন আড়াআড়িভাবে বল ঠেলেছিলেন জার্মানির গোলমুখে। গোলরক্ষক নিউমারের হাত থেকে বল ছুটে গেলেও সুযোগ নিতে পারেনি আর্জেন্টিনার কোনো খেলোয়াড়। এসময় খেলার লাগাম নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। অপরদিকে কিছুটা রক্ষনাত্মক হয়ে পড়ে জার্মানরা। কিন্তু টানা আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি কোচ ডিয়েগো ম্যারাডোনার দল। খেলার ৬৮ মিনিটে আর্জেন্টিনার ছোট বক্সে বল ঠেলে দেন পোডলস্কি। সহজেই সেই বল জালে পাঠিয়ে দেন ক্লোসা। জার্মানির হয়ে শততম খেলায় এটি তার ৫১তম গোল। ৭৩ মিনিটে সোয়াইন্সটিগার বল বানিয়ে দেন আর্নে ফ্রেডরিখকে। গোল করতে কোনো অসুবিধা হয়নি তার। তবে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্লোসাই। খেলার ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এটি তার ৫২ তম গোল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩২ ঘ.