২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলীয়দের ক্ষোভের আগুনে পুড়ছেন ডুঙ্গা

পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে কাঁদছিলেন রবিনহো। সেই কান্নার শব্দে মাঝে-মধ্যে কেঁপে কেঁপে উঠছিল বাতাস। কাঁদছিল হাজার মাইল দূরের ব্রাজিলীয়রাও। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় আক্ষরিক অর্থেই মেনে নিতে পারছে না তারা। যেন গোটা ব্রাজিলেই শোকের ছায়া। চোখে শূন্য দৃষ্টি। ভাষা নেই মুখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 01:13 PM

পোর্ট এলিজাবেথ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে কাঁদছিলেন রবিনহো। সেই কান্নার শব্দে মাঝে-মধ্যে কেঁপে কেঁপে উঠছিল বাতাস। কাঁদছিল হাজার মাইল দূরের ব্রাজিলীয়রাও। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় আক্ষরিক অর্থেই মেনে নিতে পারছে না তারা। যেন গোটা ব্রাজিলেই শোকের ছায়া। চোখে শূন্য দৃষ্টি। ভাষা নেই মুখে। তবে মাঝে মধ্যেই শোক রূপান্তরিত হচ্ছে ক্ষোভে। আর সেই ক্ষোভের আগুনে ব্রাজিলীয়রা পোড়াতে চায় একজনকেই, কোচ কার্লোস ডুঙ্গাকে। ব্রাজিলের চিরাচরিত ফুটবল শিল্পকে গলা টিপে হত্যা করেছেন কেবল জেতার জন্য। 'সুন্দর ফুটবলের' জায়গায় তিনি চালু করেছেন 'শ্রমিকের ফুটবল'। প্রতিভা নয়, তিনি বেছে নিয়েছেন পরিশ্রম আর কৌশল। তাও আবার নিজেদের সেই ছন্দময় ফুটবল নয়, বরং ইউরোপীয় ঘরানার ফুটবল। রক্ষণভাগ সামাল দিয়ে প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ। তার ফলও পেয়েছেন তিনি হাতে-নাতে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে আরো একবার খালি হাতে দেশে ফিরতে হলো ডুঙ্গার ব্রাজিলকে। ব্রাজিলীয়রা বিশ্বকাপে রানার-আপ হওয়াই মেনে নিতে পারে না, তাদের কাছে এই ধাক্কা নিঃসন্দেহে মর্মান্তিক। ব্রাজিল ১৯ টি বিশ্বকাপের সবগুলোতেই খেলেছে। অন্য কোনো দেশের এই রেকর্ড নেই। তারা তাদের নান্দনিক ফুটবল দিয়ে সারা বিশ্বে অগণিত ভক্ত তৈরি করেছে। প্রতিপক্ষও তাদের দেখতো সমীহের চোখে। কিন্তু ডুঙ্গা হাঁটতে চেয়েছেন ভিন্ন পথে। জয়ই তার শেষ কথা। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি। ব্রাজিলীয়রা ডুঙ্গার দলকে অভিহিত করছে বাজে দল হিসেবে। তাদের মতে ১৯৬৬ এবং ১৯৯০ সালের বিশ্বকাপ দল ছিল সবচেয়ে খারাপ। এর সঙ্গে এবার তারা যোগ করেছে ডুঙ্গার দলকেও। ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের অধিনায়ক কার্লোস আলবার্তো ব্যর্থতার জন্য দায়ী করেছেন ডুঙ্গাকেই। তার মতে, ২০০৭ সালে কোপা আমেরিকা এবং কনফেডারেশন কাপ জেতা খেলোয়াড়দের ওপর অন্ধ বিশ্বাস রেখেছিলেন ডুঙ্গা। কিন্তু বোঝেননি বিশ্বকাপের গুরুত্ব। তাই দল থেকে বাদ পড়েছেন রোনালদিনহো, আদ্রিয়ানো, পাতো, নেইমারের মতো তারকারা। এরই মধ্যে ডুঙ্গা তার পদত্যাগ নিয়ে চিন্তা-ভাবনার কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু কে নেবেন তার জায়গা? যেই দায়িত্ব নেন না কেন, ব্রাজিলকে শুধু সাফল্যের পথে ফিরিয়ে আনলেই তার কাজ শেষ হবে না, ফিরিয়ে আনতে হবে ব্রাজিলের সেই নিজস্ব ঘরানার ফুটবলও। এই দায়িত্ব যিনি নেবেন, তাকে একটা বাড়তি চাপও সইতে হবে। কারণ ২০১৪ সালে বিশ্বকাপের স্বাগতিক দেশ এই ব্রাজিলই। তাই এমন কঠিন কাজের জন্য আসল লোক বাছতে সময় লাগতেই পারে। তবে আপাতত যার নাম শোনা যাচ্ছে তিনি লুই ফেলিপে স্কোলারিও। তার অনুশীলন ও কৌশলে ব্রাজিল পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল, ২০০২ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৫৫ ঘ.