ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের বিদায়ের পর শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ জার্মানি। আরেক খেলায় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন লড়বে প্যারাগুয়ের সঙ্গে।
বাংলাদেশ সময় রাত আটটায় কেপটাউনের গ্রিন পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইউরোপের অন্যতম সেরা ফুটবল শক্তি জার্মানি।
স্পেন খেলবে প্যারাগুয়ের সঙ্গে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় জোহানেসবার্গের এলিস পার্কে।
ফাইনাল নয়, কিন্তু তার চেয়ে কম কিসে? গ্র"প ও দ্বিতীয় পর্বের বেড়াজাল ডিঙিয়ে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং জার্মানি।
ফুটবল বোদ্ধা এবং বিশেষজ্ঞদের ধারণা, এই খেলায় জয়ী দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ ঘরে নিয়ে যেতে পারে। তাই ফুটবল বিশ্বের নজর এই খেলার দিকে।
এর কারণও আছে। এবারের বিশ্বকাপে এ দু'দলই সবচেয়ে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। গতির ঝড়ও তুলেছে মাঠে। চার ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে ১০টি। খেয়েছে দু'টি। অন্যদিকে সমান খেলায় জার্মানির গোল সংখ্যা ৯। খেয়েছে দু'টি।
আর্জেন্টিনার হয়ে গোল করছেন গঞ্জালো হিগুয়েন এবং কার্লোস তেভেজ। ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি এখনো গোল পাননি ঠিকই, কিন্তু প্রমাণ করে দিচ্ছেন আর্জেন্টিনার আক্রমণ গড়ে উঠছে তাকে ঘিরেই। সঙ্গে আছেন বর্ষীয়ান সেবাস্তিয়ান ভেরন।
জার্মানির পক্ষে গোল করেছেন পোডলস্কি, মিরোস্লাভ ক্লোসা এবং টমাস মুলার। এই তিনজনের গোলক্ষুধার কাছে প্রতিপক্ষ বেসামাল হয়ে পড়ছে। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছেন মাঝমাঠের তরুণ ও উদীয়মান খেলোয়াড় মেসুট ওজিল। ২১ বছর বয়সী এই নতুন তারকা যেন মাঝমাঠের 'জার্মান ডায়নামো'। অনেকের মতে এবারের বিশ্বকাপে সেরা উঠতি প্রতিভা তিনিই।
কোচ ডিয়েগো ম্যারাডোনা দলকে খেলাতে চান ৩-৪-৩ পদ্ধতিতে। মাঝমাঠে ফিরছেন জোনাস গুত্তিয়েরেজ এবং ভেরন। ফলে বেঞ্চে চলে যাবেন ম্যাক্সি রডরিগুয়েজ এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। শোনা যাচ্ছে, মেসি সামান্য ঠান্ডায় ভুগছেন। অনুশীলনও করেননি তিনি বৃহস্পতিবার। দলের চিকিৎসক জানিয়েছেন, তবে খেলতে কোনো অসুবিধা হবে না মেসির।
জার্মান কোচ জোয়াকিম লো দলকে খেলাবেন সেই সনাতন ৪-৪-২ পদ্ধতিতে। ইংল্যান্ডের বিপক্ষে যে প্রথম একাদশকে মাঠে নামিয়েছিলেন সেই একাদশে কোনো পরিবর্তন আনছেন না তিনি। খেলায় ৪-১ গোলে ইংল্যান্ডকে উড়িয়ে দেয় জার্মানি।
এদিকে পর্তুগালের স্বপ্ন ভেঙ্গে দিয়ে এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামতে যাচ্ছে স্পেন। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের খেলায় শনিবার এলিস পার্কে ইউরোপ চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের।
লড়াইটা হবে ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দেশের সঙ্গে ৩১ নম্বরের।
র্যাঙ্কিংয়ের এই বিস্তর পার্থক্যই বলে দিচ্ছে কোন দল এগিয়ে। স্পেন দলে এবার তারকার ছড়াছড়ি। একাদশ সাজাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কোচ ভিসেন্তে দেল বস্কেকে কাকে বাদ দিয়ে কাকে নেবেন।
ফার্নান্দো তোরেসকে প্রথম একাদশে রাখায় সমালোচনার মুখে পড়েছেন কোচ। অনেকেই বলছেন, ফার্নান্দো লরেন্তেকে ৯০ মিনিট খেলার সুযোগ দেয়া উচিত। তবে দেল বস্কে বলছিলেন, ''আসলে বিতর্ক থাকবেই। আমি যে সিদ্ধান্তই নেই না কেন, সমালোচনা কিন্তু কমবে না। এ কারণেই আপাতত ফার্নান্দো তোরেসের ওপরই আস্থা রাখছি।''
এই খেলাতেও তোরেসের পাশে থাকছেন আক্রমণভাগের আরেক খেলোয়াড় ডেভিড ভিয়া। চার গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন তিনি অন্যদের সঙ্গে। প্যারাগুয়ের বিপক্ষেও গোলের সেই ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখতে চাইবেন ভিয়া।
স্পেনের গোলপোস্টের নিচে আগের মতোই থাকবেন ইকের ক্যাসিয়াস। প্রথম পর্বে তার খেলা নিয়ে সমালোচনা হলেও এখন নিজেকে সামলে নিয়েছেন। একইভাবে আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি এবং কার্লোস পুয়েলরাও খুঁজে পেয়েছেন নিজেদের।
প্যারাগুয়ে এই বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলছে। বাছাই পর্বের মতো দক্ষিণ আফ্রিকাতেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছে তারা।
জাপানকে হারিয়ে প্রথমবারের মতো প্যারাগুয়ে উঠেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। তাদের হারানোর কিছু নেই। তবে দলটির গোলরক্ষক জাস্টাও ভিলার বলছিলেন ''দেখুন প্রত্যাশার কোন শেষ নেই। জানি স্পেন শক্ত প্রতিপক্ষ। কিন্তু আমরা সেমিফাইনালে ওঠার কথা ভেবেই মাঠে নামবো।''
দলে অবশ্য প্রতিভাবান ফুটবলারের অভাব নেই। রকি সান্তা ক্রুজের পাশাপাশি আছেন লুকাস ব্যারিওসের মতো খেলা বানানোর কারিগর। যদিও বিশ্বকাপে এখনো নিজেকে ঠিক মতো মেলে ধরতে পারেননি সান্তা ক্রুজ। ৭৯৯ মিনিটেও গোল পাননি তিনি!
প্যারাগুয়ে খেলবে ৪-৩-৩ পদ্ধতিতে। অন্যদিকে দেল বস্কের পছন্দ ৪-৪-২ পদ্ধতি।
এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে স্পেন এবং প্যারাগুয়ে। আগের তিনবারের দু'বারই হয়েছে গোল শূন্য ড্র। একবার জিতেছে স্পেন।
প্যারাগুয়ে যেমন কোয়ার্টার ফাইনালে ওঠে ইতিহাস সৃষ্টি করেছে, তেমনি শনিবার জিততে পারলে স্পেনও প্রথমবারের মতো উঠে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। এর আগে চারবার শেষ আট থেকে বিদায় নিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭০০ ঘ.
bdnews24