২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস ও বিশ্লেষণ

ব্রাজিল পারলো না! কোয়ার্টার ফাইনালেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ করে দিল নেদারল্যান্ডস। কিন্তু আমি কিছুতেই এটাকে অঘটন বলতে রাজি নই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 05:15 PM

Updated : 25 Aug 2022, 01:09 PM

ব্রাজিল পারলো না! কোয়ার্টার ফাইনালেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ করে দিল নেদারল্যান্ডস। কিন্তু আমি কিছুতেই এটাকে অঘটন বলতে রাজি নই। 'টোটাল' ফুটবলের জনকরা দুর্দান্ত খেলেই উঠে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। খেলার প্রথমার্ধে খেলেছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস। শুক্রবার যেভাবে শুরু করেছিল রবিনহোরা তাতে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো ২-০ গোলে। অফসাইডের কারনে একটা গোল বাতিল না হয়ে গেলে তো সেটাই হতো। রবিনহোর অসাধারণ গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে উল্টো চেহারা দেখলাম পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আমার তো মনে হয় অতিরিক্ত আত্মবিশ্বাসই ওদের ডুবিয়েছে। প্রথম ৪৫ মিনিট যে ক্ষিপ্রতা নিয়ে খেলছিল তা পরের ৪৫ মিনিট দেখা গেলো না। ফিলিপো মেলোকে জাতীয় দলে জায়গা করে দিয়েছিলেন কোচ ডুঙ্গা। এজন্য সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তাকে দলে নেয়াটা যে ভুল ছিল সেটা প্রমাণ হয়ে গেলো। ইউরোপীয় লিগের সবচেয়ে 'ফ্লপ' ফুটবলারকে কেন যে ডুঙ্গা দলে নিয়েছিলেন জানি না। ও মাথা গরম করে লালকার্ড না দেখলে হয়তো ম্যাচে ফিরতেও পারতো ব্রাজিল। তবে এরচেয়ে ভালো ফুটবল আমি কার্লোস ডুঙ্গার কাছে আশা করিনি। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই ব্রাজিল উল্টো পথে হাঁটছে। 'জোগো বোনিতো'- মানে নান্দনিক ফুটবল। এই স্লোগানটা সরিয়ে রেখে ফুটবল খেলার মাশুল গুনলো ব্রাজিল। আমি জানি না ডুঙ্গা কেন ইতিহাসে চোখ রাখলেন না। ব্রাজিল কিন্তু সুন্দর ফুটবল খেলেই জিতেছে পাঁচটি বিশ্বকাপ। এ অবস্থায় কাকা, রবিনহোদের নিয়ে ইউরোপীয় কায়দার ফুটবল পরীক্ষা না করলেও চলতো। ব্রাজিলের বিদায়ের পর কার্লোস ডুঙ্গার কোচ জীবনও মনে হয় শেষ হয়ে গেল। কারণ এটা প্রমাণিত হয়ে গেলো ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে সেই নান্দনিক ফুটবলেই ফিরে যেতে হবে। উল্টো দিকে প্রথমার্ধে নেদারল্যান্ডসের ফুটবল দেখে কিছুটা হতাশ হয়েছিলাম আমি। কিন্তু দ্বিতীয়ার্ধে ওরা বুঝিয়ে দিল জেগে উঠছে ওলন্দাজ ফুটবল। স্নেইডারের জয়সূচক গোলটি অসাধারণ। সময় যতো গড়িয়েছে মাঝ-মাঠের নিয়ন্ত্রণ ততোই পোক্ত করেছে ওরা। আরিয়েন রোবেন এবং দ্রাক কুইটও খেলেছেন অসাধারণ ফুটবল। এই গতি ধরে রাখতে পারলে কিংবদন্তী ইয়োহান ক্রুয়েফের দুঃখ ঘুঁচে যেতে পারে! নেদারল্যান্ডসের ফুটবলাররেদর হাতে বিশ্বকাপ ট্রফি বেশ মানাবে। আর্জেন্টিনা-জার্মানি কোয়ার্টার ফাইনালের এই খেলা নিয়ে আগাম মন্তব্য করা কঠিন। দুই দেশই খেলছে আক্রমনাত্মক ফুটবল। শুধু এটা বলা যায় লড়াই জমবে ভালো। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচে জার্মানি যেভাবে খেললো তাতে দলের মধ্যে আমি ত্র"টি খুঁজে পাইনি। তরুণদের নিয়ে গড়া এই দল চমকে দিতে পারে যে কাউকে। পোডলস্কি, মুলার, ক্লোসা তিনজনই আছেন 'ফর্মে'। আর্জেন্টিনার খেলোয়াড়ররা যে 'ফর্মে' নেই তা কিন্তু নয়। তবে আমার চোখে ওদের সবচেয়ে বড় দুর্বলতা রক্ষণভাগ। জার্মানির পাল্টা আক্রমণ রুখে দেয়া সহজ হবে না ওদের জন্য। লিওনেল মেসিকে আটকানোর কৌশল ঠিক করেই হয়তো শনিবার মাঠে নামবে জার্মানি। কিন্তু তাকে আটকানো বেশ কঠিন। ইউরোপীয় ফুটবলে গত কয়েক বছর ধরেই মেসি দেখিয়েছে কিভাবে সাফল্য তুলে নিতে হয়। এই কোয়ার্টার ফাইনালে আমার মনে হয় দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেবেন লিওনেল মেসি। খেলা গড়ার এই কারিগরের জন্য আমি এগিয়ে রাখবো আর্জেন্টিনাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২৩০৩ ঘ.