২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন-পর্তুগাল, দুইয়ের সঙ্গে ৩১ নম্বরের লড়াই

পর্তুগালের স্বপ্ন ভেঙ্গে দিয়ে এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামতে যাচ্ছে স্পেন। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের খেলায় শনিবার এলিস পার্কে ইউরোপ চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 12:57 PM

Updated : 25 Aug 2022, 01:10 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তুগালের স্বপ্ন ভেঙ্গে দিয়ে এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামতে যাচ্ছে স্পেন। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের খেলায় শনিবার এলিস পার্কে ইউরোপ চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের। লড়াইটা হবে ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দেশের সঙ্গে ৩১ নম্বরের। র‌্যাঙ্কিংয়ের এই বিস্তর পার্থক্যই বলে দিচ্ছে কোন দল এগিয়ে। স্পেন দলে এবার তারকার ছড়াছড়ি। একাদশ সাজাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কোচ ভিসেন্তে দেল বস্কে কাকে বাদ দিয়ে কাকে নেবেন। ফার্নান্দো তোরেসকে প্রথম একাদশে রাখায় সমালোচনার মুখে পড়েছেন কোচ। অনেকেই বলছেন, ফার্নান্দো লরেন্তে'কে ৯০ মিনিট খেলার সুযোগ দেয়া উচিত। তবে দেল বস্কে বলছিলেন, ''আসলে বিতর্ক থাকবেই। আমি যে সিদ্ধান্তই নেই না কেন, সমালোচনা কিন্তু কমবে না। এ কারণেই আপাতত ফার্নান্দো তোরেসের ওপরই আস্থা রাখছি।'' এই খেলাতেও তোরেসের পাশে থাকছেন আক্রমণভাগের আরেক খেলোয়াড় ডেভিড ভিয়া। চার গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষেও গোলের সেই ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখতে চাইবেন ভিয়া। স্পেনের গোলপোস্টের নিচে আগের মতোই থাকবেন ইকের ক্যাসিয়াস। প্রথম পর্বে তার খেলা নিয়ে সমালোচনা হলেও এখন নিজেকে সামলে নিয়েছেন। একইভাবে আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি এবং কার্লোস পুয়েলরাও খুঁজে পেয়েছেন নিজেদের। প্যারাগুয়ে এই বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলছে। বাছাই পর্বের মতো এখানেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। জাপানকে হারিয়ে প্রথমবারের মতো প্যারাগুয়ে উঠেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। তাদের হারানোর কিছু নেই। তবে দলটির গোলরক্ষক জাস্টাও ভিলার বলছিলেন ''দেখুন প্রত্যাশার কোন শেষ নেই। জানি স্পেন শক্ত প্রতিপক্ষ। কিন্তু আমরা সেমিফাইনালে ওঠার কথা ভেবেই মাঠে নামবো।'' দলে অবশ্য প্রতিভাবান ফুটবলারের অভাব নেই। রকি সান্তা ক্রুজের পাশাপাশি আছেন লুকাস ব্যারিওসের মতো খেলা বানানোর কারিগর। যদিও বিশ্বকাপে এখনো নিজেকে ঠিক মতো মেলে ধরতে পারেননি সান্তা ক্রুজ। ৭৯৯ মিনিটেও গোল পাননি তিনি।! প্যারাগুয়ে খেলবে ৪-৩-৩ পদ্ধতিতে। অন্যদিকে দেল বস্কের পছন্দ ৪-৪-২ পদ্ধতি। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে স্পেন এবং প্যারাগুয়ে। আগের তিনবারের দু'বারই গোল শূন্য ড্র। একবার জিতেছে স্পেন। প্যারাগুয়ে যেমন কোয়ার্টার ফাইনালে ওঠে গড়েছে ইতিহাস, তেমনি শনিবার জিততে পারলে স্পেনও প্রথমবারের মতো উঠে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। এর আগে চারবার শেষ আট থেকে বিদায় নিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৩৩ ঘ.