২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা-জার্মানি, ফাইনালের চেয়ে কম কিসে?

ফাইনাল নয়, কিন্তু তার চেয়ে কম কিসে? গ্র"প ও দ্বিতীয় পর্বের বেড়াজাল ডিঙিয়ে শনিবার শেষ আটের লড়াইয়েই মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 12:29 PM

Updated : 25 Aug 2022, 01:10 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফাইনাল নয়, কিন্তু তার চেয়ে কম কিসে? গ্র"প ও দ্বিতীয় পর্বের বেড়াজাল ডিঙিয়ে শনিবার শেষ আটের লড়াইয়েই মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং জার্মানি। ফুটবল বোদ্ধা এবং বিশেষজ্ঞদের ধারণা, এই খেলায় জয়ী দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ ঘরে নিয়ে যেতে পারে। তাই ফুটবল বিশ্বের নজর এই খেলার দিকে। এর কারণও আছে। এবারের বিশ্বকাপে এ দু'দলই সবচেয়ে বেশি আক্রমণাত্ম ফুটবল খেলেছে। গতির ঝড়ও তুলেছে মাঠে। চার ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে ১০টি। খেয়েছে দু'টি। অন্যদিকে সমান খেলায় জার্মানির গোল সংখ্যা ৯। খেয়েছে দু'টি। আর্জেন্টিনার হয়ে গোল করছেন গঞ্জালো হিগুয়েন এবং কার্লোস তেভেজ। ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি এখনো গোল পাননি ঠিকই, কিন্তু প্রমাণ করে দিচ্ছেন আর্জেন্টিনার আক্রমণ গড়ে উঠছে তাকে ঘিরেই। সঙ্গে আছেন বর্ষীয়ান সেবাস্তিয়ান ভেরন। জার্মানির পক্ষে গোল করেছেন পোডলস্কি, মিরোস্লাভ ক্লোসা এবং টমাস মুলার। এই তিনজনের গোলক্ষুধার কাছে প্রতিপক্ষ বেসামাল হয়ে পড়ছে। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছেন মাঝমাঠের তরুণ ও উদীয়মান খেলোয়াড় মেসুট ওজিল। ২১ বছর বয়সী এই নতুন তারকা যেন মাঝমাঠে 'জার্মান ডায়নামো'। অনেকের মতে এবারের বিশ্বকাপে সেরা উঠতি প্রতিভা তিনিই। কোচ ডিয়েগো ম্যারাডোনা দলকে খেলাতে চান ৩-৪-৩ পদ্ধতিতে। মাঝমাঠে ফিরছেন জোনাস গুত্তিয়েরেজ এবং ভেরন। ফলে বেঞ্চে চলে যাবেন ম্যাক্সি রডরিগুয়েজ এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। শোনা যাচ্ছে, মেসি সামান্য ঠান্ডায় ভুগছেন। অনুশীলনও করেননি তিনি বৃহস্পতিবার। দলের চিকিৎসক জানিয়েছেন, খেলতে কোনো সমস্যা নেই মেসির। জার্মান কোচ জোয়াকিম লো দলকে খেলাবেন সেই সনাতন ৪-৪-২ পদ্ধতিতে। ইংল্যান্ডের বিপক্ষে যে প্রথম একাদশকে মাঠে নামিয়েছিলেন সেই একাদশে কোনো পরিবর্তন আনছেন না তিনি। খেলায় ৪-১ গোলে ইংল্যান্ডকে উড়িয়ে দেয় জার্মানি। প্রতিপক্ষকে অবশ্যই খাটো করে দেখছেন না লো, ''কোনো সন্দেহ নেই জমজমাট একটা খেলা হবে। আমাদের কোনো ভুল করা চলবে না। কারণ ওদের গোল করার মতো খেলোয়াড়ের অভাব নেই।'' তবে আর্জেন্টিনার দুর্বল দিকও তিনি ঠিকই খুঁজে বের করেছেন। আর সেটাই কাজে লাগাবেন তিনি। অধিনায়ক ফিলিপ লামর দাবি করছেন, এটিই জার্মানির সেরা দল। আর এজন্য দলের তরুণ ফুটবলারদেরই কৃতিত্ব দিয়েছেন তিনি। এদিকে আর্জেন্টাইন অধিনায়ক হ্যাভিয়ের মাসচেরানোর কথা একটাই, ''আমরা ২০০৬ সালের বিশ্বকাপের প্রতিশোধ নিতে মাঠে নামব।'' অধিনায়কের সঙ্গে গলা মিলিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় ডেমিচেলিসও। সেবার কোয়ার্টার ফাইনালেই আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়েছিল জার্মানি। উঠেছিল সেমিফাইনালে। সবমিলে জিভে জল আনা একটি খেলারই প্রতিশ্র"তি মিলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১২ ঘ.