২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানা-উরুগুয়ে, সেমিতে উঠতে চায় দু'দলই

উরুগুয়ে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে শুক্রবার। প্রতিপক্ষ ঘানাও ছেড়ে কথা কইবে না। আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে ইতিহাস সৃষ্টি করতে চায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 01:07 PM

জোহানেসবার্গ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে শুক্রবার। প্রতিপক্ষ ঘানাও ছেড়ে কথা কইবে না। আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে ইতিহাস সৃষ্টি করতে চায় তারা। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দেশ দু'টি। দু'বারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ে ১৯৭০ সালের পর এই প্রথম উঠেছে শেষ আটে। আর এই পর্বে ঘানা পা রাখেনি কখনো। যুগ যুগ ধরে উরুগুয়ে দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষ ব্রাজিল ও আর্জেন্টিনার ছায়া হয়েছিল। কিন্তু এবারের বিশ্বকাপে তারা এসেছে সেরা খেলা খেলে। ১৯৩০ ও ১৯৫০ সালে বিশ্বকাপ জয়ী উরুগুয়ের রক্ষণভাগ অত্যন্ত নির্ভরযোগ্য। ত্রি-মুখী আক্রমণই তাদের মূল অস্ত্র। লুই সুয়ারেজ ও এডিসন ক্যাভানির ঠিক পিছন থেকে আক্রমণে যান দিয়েগো ফোরলান। উরুগুয়ে গ্র"প পর্বে ফ্রান্সের সঙ্গে গোল শূন্য ড্র করে। দিয়েগো ফোরলানের জোড়া গোলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারায় ৩-০ ব্যবধানে। আর সুয়ারেজের একমাত্র গোলে জেতে মেক্সিকোর বিপক্ষে। নক-আউট পর্বে দক্ষিণ কোরিয়াকে ২-১ গেলে হারিয়ে শেষ আটে পৌঁছে যায় লাতিন আমেরিকার দেশটি। কোচ অস্কার তারাবেজ সম্পর্কে ফোরলান বলেন, "কোচ হিসেবে তিনি খুবই শান্ত-শিষ্ট ও অভিজ্ঞ। তিনি জানেন কিভাবে দলকে সূতায় গাঁথতে হয়।" উরুগুয়ের রক্ষণভাগে থাকছে নতুন মুখ। কেননা, চোটের কারণে দিয়েগো গোদিন থাকবেন মাঠের বাইরে। কিন্তু ফোরলান চোট থেকে সেরে উঠেছেন। ফলে ঘানার বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে। নিষেধাজ্ঞার কারণে ঘানার জোনাথন মেনসাহ ও আন্দ্রে আইয়েউ খেলতে পারবেন না। তবে চোট সেরে আক্রমণভাগের আসামোয়াহ গিয়ান মাঠে নামবে বলে আশা করা হচ্ছে। এই গিয়ানের গোলেই যুক্তরাস্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ঘানা। ঘানার সার্ব কোচ মিলোভান রাজেভাচ জানান, আফ্রিকা মহাদেশ থেকে তার দল প্রথম সেমিফাইনালে খেলতে চায়। সেজন্য তিনি খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২ টায় খেলা শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৪২ ঘ.