জোহানেসবার্গ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের শেষ আটের লড়াই শুরু হচ্ছে শুক্রবার থেকে। সন্দেহ নেই, বাংলাদেশ সময় রাত ৮টায় জমজমাট একটি ম্যাচের অপেক্ষায় আছে পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম। অনেকের মতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল ব্রাজিল মুখোমুখি হবে ইউরোপের ফুটবল শক্তি নেদারল্যান্ডসের।
রাত সাড়ে ১২টায় ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো সেমিফাইনালে পা রাখার জন্য মাঠে নামবে উরুগুয়ে। প্রতিপক্ষ আফ্রিকার একমাত্র প্রতিনিধি ঘানা চাইবে ইতিহাস সৃষ্টি করতে। এর আগে আফ্রিকার কোনো দল সেমিফাইনালে ওঠেনি।
উত্তর কোরিয়া ও আইভরি কোস্টকে হারিয়ে এবং পর্তুগালের সঙ্গে সহজেই ড্র করে গ্র"প চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় পর্বে ওঠে ব্রাজিল। কিন্তু শেষ ১৬-এর খেলায় ভয়ঙ্কর হয়ে ওঠে তারা। ৩-০ গোলে স্রেফ উড়িয়ে দেয় চিলিকে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় একটি খেলাতেও হারেনি নেদারল্যান্ড। গ্র"প পর্বে ডেনমার্ক, জাপান ও ক্যামেরুনকে হারানোর পর দ্বিতীয় পর্বে স্লোভাকিয়াকে হারিয়ে সহজেই উঠে যায় শেষ আটে।
কিন্তু ব্রাজিল কেন এত জনপ্রিয়? কেননা 'সুন্দর খেলাটিতে তারা ফুটিয়ে তোলে ফুটবলের শিল্প'। এক সময়ের মাঝ-মাঠের রক্ষণাত্মক ফুটবলার কার্লোস ডুঙ্গার ব্রাজিল এখন খেলায় জেতে বটে, কিন্তু শিল্প আর নান্দনিকতার দেখা মেলে না। কেননা শিল্পের চেয়ে ডুঙ্গার কাছে জয় বড়। ২০০৭ সালে কোপা আমেরিকা, ২০০৯ সালে কনফেডারেশন কাপ জয়ের পর বাছাই পর্বে শীর্ষ দল হিসেবে দক্ষিণ আফ্রিকার টিকেট পেয়েছে তারা।
এদিকে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে উরুগুয়ে ও ঘানা। দু'বারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ে ১৯৭০ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে। আর ঘানা এখনো খেলেনি এই পর্বে।
যুগ যুগ ধরে উরুগুয়ে দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষ ব্রাজিল ও আর্জেন্টিনার ছায়ায় ঢাকা পড়েছিল। কিন্তু এবারের বিশ্বকাপে এসেছে তারা সেরা খেলাটা দেখিয়ে।
উরুগুয়ে গ্র"প পর্বে ফ্রান্সের সঙ্গে ড্র করলেও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোকে হারিয়েছে। দ্বিতীয় পর্বে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে উঠেছে শেষ আটে।
অপরদিকে ঘানা দ্বিতীয় পর্বে উঠেছে বেশ কষ্ট করে। গ্র"প পর্বে জার্মানির কাছে হার মানতে হয় তাদের। সার্বিয়ার সঙ্গে জিতলেও ড্র করে অস্ট্রেলিয়ার সঙ্গে। নক-আউট পর্বে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৯ ঘ.
bdnews24