কেপটাউন, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের সেরাটা বিশ্বকাপে ফিরে পেয়েছেন 'স্প্যানিশ ম্যাটাডোর' ডেভিড ভিয়া। আর তাতেই ক্রমশ চেনা চেহারায় স্পেন। ক্ষুরধার ভিয়ার সৌজন্যে বিশ্বকাপ জিতে ইউরো চ্যাম্পিয়নদের নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা তাই আরো উজ্জ্বল হয়ে উঠেছে।
বিশ্বকাপের আগেই মাত্র ইনজুরি সারিয়ে ফিরেছেন স্পেনের আক্রমণভাগের আরেক তারকা ফার্নান্দো তোরেস। হয়ত তাই এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। কিন্তু সেই ঘাটতি পূরণ করে স্পেনকে শেষ আটে তুলে এনেছেন ভিয়াই। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে তার একমাত্র গোলেই স্পেন হারায় পর্তুগালকে।
পূর্বসূরী রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে যাওয়ার পথে স্পেনের এই নতুন মারনাস্ত্র। পর্তুগালের বিপক্ষে গোল করে ভিয়া বিশ্বকাপের সর্বাধিক গোলের লড়াইয়ে সামিল হয়েছেন। তার এক নম্বর প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন। দুজনের গোল সংখ্যাই চার। চার গোল করেছেন স্লোভাকিয়ার রবার্ত ভিতেকও। তবে বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে স্লোভাকিয়া।
কোচ ভিসেন্ত দেল বস্কো ভিয়ার প্রশংসায় উচ্চকিত। তার সাফ কথা, এই মুহুর্তে ভিয়া বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। বলেছেন "ওর ওপর যে আস্থা রেখেছিলাম তার প্রতিদান ভিয়া প্রতি ম্যাচেই দিচ্ছে। বলতে দ্বিধা নেই, বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে হলে ভিয়াকে এভাবেই খেলে যেতে হবে।"
স্পেনের হয়ে ৬২ ম্যাচে ভিয়ার গোল সংখ্যা ৪২। স্পেনের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রাউলের। তার গোল সংখ্যা ৪৪। যার মানে রাউলকে ছাড়িয়ে ভিয়ার নতুন রেকর্ড গড়া এখন সময়ের ব্যাপার মাত্র।
ইউরো ২০০৮ এ স্পেনের শিরোপা জেতার পেছনে সবচেয়ে বড় ভুমিকা ছিল ভিয়ারই। টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা হয়েছিলেন তিনিই। যদিও ইনজুরির জন্য ফাইনালে খেলতে পারেননি। কাজেই ১১ জুলাই জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে স্পেনকে বিশ্বকাপ জয়ী হিসেবে নতুন ইতিহাস গড়তে হলে ভিয়াকেই দায়িত্ব নিতে হবে। তার পায়েই লুকিয়ে আছে স্পেনের বিশ্বকাপ নামের সোনার হরিণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/ ১৮১২ ঘ.
bdnews24