২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানকে হারিয়ে প্যারাগুয়ে শেষ আটে

পারল না জাপান। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো এশিয়ার দেশ জাপানকেও। মঙ্গলবার দ্বিতীয় পর্বের ম্যাচে জাপানকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে প্যারাগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 12:59 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারল না জাপান। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো এশিয়ার দেশ জাপানকেও। মঙ্গলবার দ্বিতীয় পর্বের ম্যাচে জাপানকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে প্যারাগুয়ে। প্রিটোরিয়ার ভার্সফেল্ড স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে জাপানের ইউচি কোমানোর তৃতীয় শটটি পোস্টে লাগে। চতুর্থ শটে জাপানের কেইসুকে হোন্ডা গোল করলেও, পঞ্চম শটে প্যারাগুয়ের অস্কার কার্ডোজো গোল করে দলকে শেষ আটে নিয়ে যান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের ২০ মিনিটে প্যারাগুয়ে গোলের প্রথম সুযোগ পেয়েছিল। লুকাস ব্যারিওস জাপানের পেনাল্টি বক্সে ঢুকেও গোল করতে পারেননি। তার শট গোলরক্ষক ইইজি কাওয়াসিমার পায়ে লেগে ফিরে আসে। জাপান পাল্টা আক্রমণ চালায় ২২ মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে দাইসুকে মাতসুইয়ের প্রচণ্ড শট ক্রসবারে লাগে। প্যারাগুয়ে ২৯ মিনিটে কর্নার থেকে আরেকটি গোলের সুযোগ তৈরি করেছিল । বক্সের ভিতর বল পেয়েও তা বাইরে পাঠান রোক সান্তাক্রুজ। খেলার ৪০ মিনিটে আবার জাপানের আক্রমণ। বক্সের বাইরে থেকে হোন্ডার তীব্র শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পাল্টা-আক্রমণ চালায় প্যারাগুয়ে ৫৫ মিনিটে। অ্যাডগার বেনিটেজের বাঁ পায়ের তীব্র শট রক্ষা করেন জাপানি গোলরক্ষক কাওয়াসিমা। ৫৮ মিনিটে ক্রিশ্চিয়ান রিভেরোস মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন। কিন্তু বল ধরে ফেলেন জাপানি গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেও আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চললেও কোনো পক্ষই গোল করতে পারেনি। যদিও গোলের সুযোগ দু'দলই পেয়েছিল। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় কোনো দলই গোল করতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের খেলাও একই গতিতে এগিয়ে চলে। ফলে ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। আর তাতে শেষ হাসি হাসে প্যারাগুয়েই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০৫৮ ঘ.