২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে নিয়েই যতো ভয় জার্মানির

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ আটে উঠেও স্বস্তিতে নেই জার্মানি। স্বস্তিতে থাকবে কি করে, কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ যে আর্জেন্টিনা। দলটির খেলা বানানোর কারিগর লিওনেল মেসিকে নিয়েই যতো ভয় জার্মানির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 01:01 PM

ইরাসমিয়া, দক্ষিণ আফ্রিকা , জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ আটে উঠেও স্বস্তিতে নেই জার্মানি। স্বস্তিতে থাকবে কি করে, কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ যে আর্জেন্টিনা। দলটির খেলা বানানোর কারিগর লিওনেল মেসিকে নিয়েই যতো ভয় জার্মানির। শনিবারের শেষ আটের লড়াইয়ের আগেই মেসিকে আটকানো নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ জন্য ছকও তৈরি করছে তারা। মাঝমাঠের ফুটবলার সামি খেদিরা মনে করেন অনেকের মতে বর্তমানে 'বিশ্বসেরা' ওই ফুটবলারকে আটকানো একার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন ''দেখুন, ও এমন একজন ফুটবলার যে তাকে সম্মিলিত প্রচেষ্টায় সামলাতে হবে।" মেসির পায়ের যাদু সম্পর্কে ভালো ধারণা আছে সামি খেদিরাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার ক্লাব ভিএফবি স্ট্রুটগার্টের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল মেসির বার্সেলোনা। এই তারকা একাই বদলে দিয়েছিলেন ম্যাচের চেহারা। তাই তো জার্মান ফুটবল দল মনে করছে ব্যবধান গড়ে দিতে পারেন মেসিই। তবে দলের সেরা তারকা মিরোস্লাভ ক্লোসা অবশ্য দাবি করছেন তাদের দলও প্রস্তুত, ''২০০৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়েছিলাম আমরা। এবার নিশ্চয়ই ওরা প্রতিশোধের নেশায় মেতে উঠবে। ওই ম্যাচে লিওনেল মেসি ছিল অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায়। এবার ও মাঠে থাকবে। আশা করছি লড়াইটা জমবে ভালো।'' আর্জেন্টিনার বিপক্ষে এই খেলাটির মধ্য দিয়ে জার্মানির হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন ৩২ বছর বয়সী মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে। ব্রাজিলের জীবন্ত কিংবদন্তী পেলের মতো বিশ্বকাপে তার গোলসংখ্যাও ১২টি। দ্বিতীয় পর্বে ইংল্যান্ডের বিপক্ষে দুই গোল করা টমাস মুলার অবশ্য দুর্বলতা খুঁজে পেয়েছেন আর্জেন্টিনা দলে। ২০ বছর বয়সী এই ফুটবলার বলছিলেন, "ওদের আক্রমণভাগ বিশ্বসেরা এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু রক্ষণভাগ দুর্বল। কয়েকটি খেলায় রক্ষণভাগের ভুলেই কিন্তু ওরা গোল খেয়েছে। আশা করছি এই সুযোগটাই আমরা কাজে লাগাতে পারবো।" কথার লড়াইয়ে অবশ্য এগিয়ে থাকা সহজ। কিন্তু শনিবার কেপটাউনে মাঠের লড়াই বলে দেবে কে সেরা - জার্মানি নাকি আর্জেন্টিনা? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৫০ ঘ.