২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন রোমেরো

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই যখন-তখন টাইব্রেকারের মুখোমুখি হতে পারে যে কোনো দল। গোলরক্ষকদের অগ্নিপরীক্ষা। জার্মানির সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগে সেই টাইব্রেকারেরই প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 01:01 PM

প্রিটোরিয়া, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের নকআউট পর্ব মানেই যখন-তখন টাইব্রেকারের মুখোমুখি হতে পারে যে কোনো দল। গোলরক্ষকদের অগ্নিপরীক্ষা। জার্মানির সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগে সেই টাইব্রেকারেরই প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো। এখন পর্যন্ত বিশ্বকাপে চার ম্যাচে দু'টি গোল হজম করেছেন রোমেরো। কিন্তু মানছেন জার্মানির আক্রমণভাগের তুখোর গোলদাতাদের বিপক্ষে তাকে কঠিন পরীক্ষাই দিতে হবে। ২৩ বছর বয়সী এই গোলরক্ষক তাই বলছেন " বিশ্বকাপ শুরুর পর থেকেই আমরা সব দলের পেনাল্টির ভিডিও নিয়ে রীতিমতো 'ক্লাস' করেছি। কারণ জানি যে কোনো সময় এই পরীক্ষা দিতে হতে পারে। কাজেই পেনাল্টি শট যারা নেয় তাদের সবকিছু খুঁটিয়ে দেখা দরকার।" টাইব্রেকার নিয়ে রোমেরোর ভাবনার পেছনে কিন্তু যুক্তি আছে। ২০০৬ সালের বিশ্বকাপের শেষ আটে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তাতে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে জার্মানি। নায়ক হয়েছিলেন জার্মান গোলরক্ষক লেহম্যান। সংবাদ সম্মেলনে রোমেরো বলেন, "পুরো খেলার জন্য তো তৈরি, টাইব্রেকারের জন্যও প্রস্তুত আমি। কারণ জার্মানদের শট নেয়ার দক্ষতা সম্পর্কে সবাই জানে।" জার্মানির তিন খেলোয়াড়কে বিপজ্জনক বলে মনে করছেন আর্জেন্টিনার গোলরক্ষক। লুকাস পোডোলস্কি, মিরোস্লাভ ক্লোসা এবং মেসুত ওজিলকে নিয়েই তার যতো চিন্তা। আক্রমণভাগের মূল নায়কও তারা। তার মতে, পোডোলস্কির শটে বেদম জোর, ক্লোসার হেডেও জোর আছে প্রচণ্ড। ওজিল রক্ষণভাগে ফাটল ধরানোর মতো বল যোগান দিতে ওস্তাদ।" এদের ঠেকাতে রক্ষণভাগের খেলোয়াড়দের ওপর অবশ্য আস্থা আছে আর্জেন্টিনার গোলরক্ষকের। এ প্রসঙ্গে তিনি বলছেন, "আমাদের রক্ষণভাগ নিয়ে অনেকেই বাঁকা কথা বলছেন। কিন্তু আমি নিশ্চিত ওরা জার্মানদের ঠেকাতে পারবে। আর পেছনে তো আমি আমাকে উজাড় করে দিতে প্রস্তুত। রোমেরোর বিরুদ্ধে অভিযোগ বিশ্বকাপে তিনি অতিরিক্ত 'পাঞ্চ' করছেন। এ ব্যাপারে তার যুক্তি, "গোল ঠেকানোই আসল কথা। পরিস্থিতি বুঝে যেভাবেই করি না কেন, তাতে কিছু যায় আসে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮২৭ ঘ.