২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির জালে ৩ গোল, ব্রাজিল শেষ আটে

বিশ্বকাপ ফুটবলের শেষ আটে উঠে গেছে 'ফেভারিট' ব্রাজিল। সোমবার দ্বিতীয় পর্বের খেলায় ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চিলিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 07:11 PM

Updated : 25 Aug 2022, 12:55 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের শেষ আটে উঠে গেছে 'ফেভারিট' ব্রাজিল। সোমবার দ্বিতীয় পর্বের খেলায় ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চিলিকে। দলের পক্ষে গোল করেন হুয়ান, ৩৫ মিনিটে। তিন মিনিট পর দ্বিতীয় গোল করেন লুই ফ্যাবিয়ানো। রবিনহো তৃতীয় গোলটি করেন, ৫৯ মিনিটে। বিশ্বকাপের শেষ আটে ব্রাজিল মুখোমুখি হবে আরেক শিরোপা প্রত্যাশী নেদারল্যান্ডসের। দিনের আগের খেলায় ওলন্দাজরা ২-১ গোলে হারায় স্লোভাকিয়াকে। জোহানেসবার্গের এলিস পার্কে সোমবার খেলার ৯ মিনিটেই এগিয়ে যেতে পারতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু জিলবাতো সিলভার ৩০ গজ দূর থেকে নেয়া শট কোনো রকমে ঘুষি মেরে প্রতিহত করেন চিলির গোলরক্ষক ক্লাদিও ব্র্যাভো। এরপর অবশ্য ব্রাজিলের সঙ্গে প্রায় সমানতালেই লড়ে যায় চিলি। কিন্তু বেশিক্ষণ লড়াই করা আর সম্ভব হয়নি। খেলার ৩৫ মিনিটে মাইকনের কর্নার থেকে ভেসে আসা বল মাথা দিয়ে জালে জড়িয়ে দেন হুয়ান। ফলে এগিয়ে যায় কার্লোস ডুঙ্গার দল ১-০ গোলে। গোল খেয়ে এলোমেলো হয়ে যায় চিলির রক্ষণভাগ। কাকা এবং রবিনহোর বানিয়ে দেয়া বলে ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান লুই ফ্যাবিয়ানো। ২-০ গোলে এগিয়ে গেলেও গোলের ক্ষুধা তখনো মেটেনি ব্রাজিলের। ৫৯ মিনিটে চিলির কফিনে শেষ পেরেক ঠোকেন রবিনহো। খেলার ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেলেও পেতে পারতেন তিনি। মাঝ-মাঠ থেকে বল নিয়ে একা ঢুকে পড়েছিলেন চিলির সীমানায়। শটও নেন গোলে। কিন্তু বল আটকে দেন চিলির গোলরক্ষক ব্র্যাভো। ৭৮ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল চিলি। হামবার্তো সুয়েজার শট ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজারকে বোকা বানালেও বল বারে লেগে ফিরে আসে। পুরো ম্যাচে কখনোই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি ব্রাজিলের প্রতিবেশী দেশ চিলি। গত পাঁচ বছরে ব্রাজিলের বিপক্ষে মোট আটটি ম্যাচ খেলেছে চিলি। এর মধ্যে আটটি খেলাতে হার মানে তারা। গোল হজম করে ২৯টি। বিশ্বকাপে এনিয়ে তিনবার মুখোমুখি হয় দেশ দু'টি। ব্রাজিল জিতেছে তিনবারই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/ ০২৩৮ ঘ.