২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস ও বিশ্লেষণ

ইয়োহান ক্রুয়েফের খেলা দেখে সেই ১৯৭৪ সালের বিশ্বকাপ থেকেই আমি নেদারল্যান্ডসের ভক্ত। ওদের 'টোটাল' ফুটবল বিশ্বকাপেও দেখা যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 05:50 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

ইয়োহান ক্রুয়েফের খেলা দেখে সেই ১৯৭৪ সালের বিশ্বকাপ থেকেই আমি নেদারল্যান্ডসের ভক্ত। ওদের 'টোটাল' ফুটবল বিশ্বকাপেও দেখা যাচ্ছে। প্রথম পর্বে অসাধারণ খেলার পর দ্বিতীয় পর্বের বাধাও ওরা পেরিয়ে গেলো দাপটে। সোমবার স্লোভাকিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে নেদারল্যান্ডস পেয়ে গেলো কোয়ার্টার ফাইনালের টিকেট। অনেকেই মনে করেছিলেন স্লোভাকিয়া চমকে দিতে পারে ওলন্দাজদের। কিন্তু তা আর হলো না। তিনটি গোল ছাড়া খেলাটিকে আমার মনে হয়েছে একেবারে সাদামাটা। খুব একটা গতিও ছিল না। দ্বিতীয় পর্বে বলতে গেলে কোনো উত্তেজনাই ছিল না। তবে চোখ ঝলসানো গোল করেছেন অ্যারিয়ান রোবেন। চোট সেরে মাঠে ফিরেই তিনি বুঝিয়ে দিলেন কেন তাকে নিয়ে এতো আলোচনা। খেলায় দুই গোল দেয়ার পর অবশ্য কেমন জানি নিজেদের গুটিয়ে নিয়েছিল ওলন্দাজরা। ওদের ছোট ছোট 'পাসের' ফুটবল ঠিক দেখলাম না। গোল খাওয়ার পর মরিয়া হয়ে খেলার কথা স্লোভাকিয়ার, অথচ আমি তার ছিটেফোঁটাও দেখতে পাইনি। গ্র"প পর্বের খেলায় দৈহিক গঠনের পরিপ্রেক্ষিতে কিছুটা সুবিধা পেলেও এই খেলায় তা কাজে লাগাতে পারেনি তারা। স্পেন-পর্তুগাল মঙ্গলবারের এই ম্যাচে আমি এগিয়ে রাখবো স্পেনকে। এটা ঠিক ইউরোপ চ্যাম্পিয়ন সেই দলটা বিশ্বকাপে এখনো জ্বলে উঠতে পারেনি। কিন্তু কে জানে, দ্বিতীয় পর্বের ম্যাচেই হয়তো খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারে ওরা। মনে হয়, নকআউট পর্বের এই খেলায় ৪-২-৩-১ পদ্ধতিতে খেলবে স্পেন। শুনেছি ডেভিড ভিয়াকে নিচে খেলানো হতে পারে। কিন্তু ব্যাপারটা ঠিক ভালো লাগলো না। তিনি গোল পাচ্ছেন। বিষয়টা ভাবা উচিত ছিল কোচের। তাছাড়া আক্রমণভাগে ভিয়া একা কতোটা সামাল দিতে পারবেন? তবে স্পেনে তারকার অভাব নেই। জাভি, ইনিয়েস্তা, মার্তিনেজ, কার্লোস পুয়েল, ইকের ক্যাসিয়াসরা নিশ্চয়ই সুযোগ পেলে কাজে লাগাতে দ্বিধা করবেন না। অন্যদিকে পর্তুগাল এবার খেলবে ৪-৩-৩ পদ্ধতিতে। এমন আক্রমণাত্মক ছক দেখতে ভালো লাগে। কিন্তু পর্তুগাল ফুটবল দল বড় বেশি ক্রিশ্চিয়ানো রোনালদো নির্ভর। তার দিকে তাকিয়ে থাকে সবাই। তিনি খেলতে পারলেই যেন দল জিতবে। ব্যাপারটায় খেলা বানানো এই কারিগরের চাপ বাড়ে বৈ কমে না। জাপান - প্যারাগুয়ে এশিয়ার দেশ হিসেবে জাপানের জয় দেখতেই টেলিভিশন সেটের সামনে বসবো। কিন্তু আবেগ একপাশে সরিয়ে রাখলে মঙ্গলবারের এই খেলায় এগিয়ে রাখতেই হবে প্যারাগুয়েকে। তবে জাপান এরই মধ্যে দেখিয়ে দিয়েছে যে ওরা পারে। যে বল নিয়ে এতো আলোচনা, সেই জাবুলানি বল দিয়ে ফ্রি-কিক থেকে যে গোল করা যায়, প্রমাণ করেছে জাপানের ফুটবলাররা। তবে লাতিন ঘরনার দল প্যারাগুয়ের কৌশলের কাছে জাপানের গতিময় ফুটবল কতোটা কাজে লাগবে তা নিয়ে কিছুটা সন্দেহ থাকছেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২৩১৫ ঘ.