ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টমাস মুলারের জোড়া গোলে ইংল্যান্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে উঠেছে জার্মানি।
বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে জার্মানির পক্ষে প্রথমার্ধে মিরোস্লাভ ক্লোসা ও লুকাস পোদোলস্কি গোল করেন। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করেন মুলার। ইংল্যান্ডের পক্ষে একটি গোল পরিশোধ করেন ম্যাথু উপসন।
শিরোপাপ্রত্যাশী দু' দলের হাই ভোল্টেজ এ ম্যাচের শুরুতেই আক্রমণে যায় জার্মানি। খেলার পাঁচ মিনিটে ইংল্যান্ডের পেনাল্টি বক্সে বিপদজনকভাবে ঢুকে পড়েন ওজিল। কিন্তু গোলরক্ষক জেমসকে একা পেয়েও গোল করতে পারেননি। ওজিলের শট জেমসের গায়ে লাগে।
তবে ২০ মিনিটেই পাল্টা গোল আদায় করে নেয় তারা। জার্মান গোলরক্ষক নিওয়ারের গোল কিকের বল ইংল্যান্ডের রক্ষণভাগে পেয়ে যান অরক্ষিত মিরোস্লাভ ক্লোসা। রক্ষণভাগের এক খেলোয়াড়কে কাটিয়ে ক্লোসা কোণাকুণি শটে গোলরক্ষক জেমসকে পরাস্ত করেন।
৩১ মিনিটে জার্মানি আরেকটি সহজ সুযোগ নষ্ট করলেও পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লুকাস পোদোলস্কি। ইংল্যান্ডের রক্ষণসীমায় ঢুকে ক্লোসা বল ঠেলে দেন ফাঁকায় দাঁড়ানো পোদোলস্কিকে। কোণাকুণি শটে ইংলিশ গোলরক্ষকের দু' পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়াতে একেবারেই দেরি করেননি তিনি।
৩৫ মিনিটে মিলনারের দারুণ এক ক্রসে পা ছুঁইয়ে একটি গোল প্রায় শোধ করে ফেলেছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কিন্তু গোলরক্ষক নিওয়ারের গায়ে লেগে তা কোনোমতে প্রতিহত হলে জার্মান রক্ষণভাগের খেলোয়াড়রা তা ক্লিয়ার করেন।
এ সময় গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। আক্রমণের পর আক্রমণ গড়ে তোলে তারা। এরই ধারাবাহিকতায় ৩৭ মিনিটে এক গোল পরিশোধ করে ইংল্যান্ড। জার্মানির গোলমুখে জেরাডের ক্রসে ম্যাথু উপসনের শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে যায়।
পরের মিনিটেই প্রায় সমতা এনে ফেলেছিল ইংল্যান্ড। কিন্তু বক্সের বাইরে থেকে ল্যাম্পার্ডের তীব্র শট গোলরক্ষক নিওয়ারকে পরাস্ত করে ক্রস বারে লেগে গোললাইন অতিক্রম করলেও রেফারি গোলের বাঁশি বাজাননি।
ফলে ২-১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় তাদের।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৭ মিনিটের মাথায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ফ্রি-কিক ক্রস বারে লাগলে সমতা ফেরানোর দারুণ সুযোগ হারায় ইংল্যান্ড।
তবে লম্বা পাসে খেলতে থাকা জার্মানি মাঝেমাঝেই পাল্টা আক্রমণে ইংল্যান্ডের রক্ষণব্যুহে ত্রাসের সৃষ্টি করতে থাকে।
এরই ধারাবাহিকতায় খেলার ৬৭ ও ৬৯ মিনিটে দু' দুটি গোল আদায় করে নেয় জার্মানরা। দুটো গোলই করেন টমাস মুলার।
এ দু'টি গোলের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংলিশরা। তারা শত চেষ্টা করেও আর খেলায় ফিরে আসতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/২২০৫ ঘ.
bdnews24