ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামোয়া জিয়ানের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের গোলে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আফ্রিকার শেষ আশা ঘানা।
নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতা থাকায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ঘানার পক্ষে খেলার ৫ মিনিটের মাথায় গোল করেন কেভিন প্রিন্স বোয়েটাং। দ্বিতীয়ার্ধে খেলার ৬১ মিনিটে পেনাল্টি থেকে যুক্তরাষ্ট্রের পক্ষে গোল করে সমতা ফেরান ল্যান্ডন ডোনোভান।
রয়্যাল বাফোকেং স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ঘানা। এরই ধারাবাহিকতায় খেলার পাঁচ মিনিটের মাথায় গোল আদায় করে নেয় তারা।
মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় ড্রিবলিং করে যুক্তরাষ্ট্রের রক্ষণসীমায় ঢুকে পড়েন কেভিন প্রিন্স। রক্ষণভাগের খেলোয়াড়দের পাশ কাটিয়ে বক্সের সামান্য বাইরে থেকে কোণাকুণি শটে গোলরক্ষক হাওয়ার্ডকে পরাস্ত করেন তিনি।
প্রথমার্ধের প্রায় পুরো সময় আধিপত্য বিস্তার করে খেলে ঘানা। তৈরি করে একাধিক সুযোগ। তবে গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি।
অন্যদিকে, গোল পরিশোধে যুক্তরাষ্ট্র্রের মধ্যে তেমন মরিয়াভাব দেখা যায়নি। বরং অনেকটাই রক্ষণাত্মক ফুটবল খেলে তারা এ অর্ধে।
তবে খেলার ৩৫ মিনিটে গোলের সেরা সুযোগ নষ্ট করে যুক্তরাষ্ট্র। মাইকেল ব্র্যাডলির বাড়িয়ে দেয়া বল আয়ত্তে নিয়ে গোলরক্ষক কিংসনকে একা পেয়েও তা জালে জড়াতে পারেননি ফিন্ডলে। তার গড়ানো শটের বল রুখে দেন কিংসন।
পাল্টা আক্রমণে ৩৭ মিনিটে আসামোয়া একই রকম সুযোগ পেয়েছিলেন। তার নেয়া শটও রুখে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে থেকেই চাপিয়ে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। গোল শোধে মরিয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শুরুতেই সমতা আনার সুযোগ পেয়েছিল তারা। তবে গোলরক্ষক কিংসনকে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি বদলি খেলোয়াড় ফিলহাবের। তার শট কিংসনের গায়ে লেগে প্রতিহত হয়।
৫৪ মিনিটে ডনোভানের অপ্রতিরোধ্য ক্রসে পা কিংবা মাথা ছোঁয়াতে পারেনি যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের খেলোয়াড়রা। ক্লান্ট ডেম্পসির সামান্য সামনে দিয়ে বল মাঠের বাইরে চলে যায়।
তবে খেলার ৬১ মিনিটে পেনাল্টি পায় যুক্তরাষ্ট্র। ল্যান্ডন ডোনোভানের পাস থেকে বল পেয়ে অপ্রতিরোধ্য গতিতে ঘানার বক্সের ভেতর ঢুকে পড়া ডেম্পসিকে অবৈধভাবে বাধা দেওয়ায় রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে সমতা ফেরান ডোনোভান। এ নিয়ে টুর্নামেন্টে ডোনোভানের গোল সংখ্যা হলো তিন।
৭৬ মিনিটে মাইকেল ব্র্যাডলি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। বক্সের ভেতর ফাঁকায় বল পেয়েও তিনি ঘানার গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।
খেলার ৮০ মিনিটে যুক্তরাষ্ট্রের আরও একটি গোলের সুযোগ নষ্ট হয়ে যায় রেফারির উদারতায়। লম্বা পাসে ঘানার রক্ষণসীমায় বল পেয়ে যান আল্টিডর। বক্সের ভেতর তাকে ঘানার রক্ষণভাগের খেলোয়াড় টেনে ধরে ফেলে দিলেও রেফারি তা অগ্রাহ্য করেন।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শুরু হতেই আক্রমণ চালায় ঘানা। তাতেই দ্বিতীয় গোলটি আদায় করে নেয় তারা। আন্দ্রে আয়েউ উঁচু করে বল ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের সীমানায়। সেই বল যুক্তরাষ্টের রক্ষণভাগের দু'জন খেলোয়াড়কে গতিতে পেছনে ফেলে আয়ত্তে নেন জিয়ান। তারপর বাঁ পায়ের জোরালো ভলিতে বল জালে জড়িয়ে দেন। এ গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
যদিও অতিরিক্ত সময়ের ১৮ মিনিটে চমৎকার ফ্রি-কিক ঘানার গোলমুখে ফেলেছিলেন যুক্তরাষ্ট্্েরর ডোনোভান, কিন্তু সেই বল ঘুষি মেরে বিপদমুক্ত করেন গোলরক্ষক কিংসন। শেষদিকে যুক্তরাষ্ট্র গোল শোধে মরিয়া হয়ে উঠলেও ঘানার রক্ষণভাগের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। ফলে আফ্রিকার শেষ ভরসা ঘানা চলে যায় কোয়ার্টার ফাইনালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমএইচ/০৩০৪ ঘ.
bdnews24