২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণাত্মক ফুটবল খেলবে জার্মানি, ইংল্যান্ড

শিরোপা জেতার লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় রয়েছে দল দু'টি। কিন্তু রোববারই শেষ হয়ে যাবে একটি দলের বিশ্বকাপ অভিযান। কেননা এখন হেরে গেলেই বিদায় নিতে হবে। দ্বিতীয় পর্বের এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ফেবারিট ইংল্যান্ড এবং জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 12:50 PM

ব্লুমফন্টেইন, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিরোপা জেতার লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় রয়েছে দল দু'টি। কিন্তু রোববারই শেষ হয়ে যাবে একটি দলের বিশ্বকাপ অভিযান। কেননা এখন হেরে গেলেই বিদায় নিতে হবে। দ্বিতীয় পর্বের এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ফেবারিট ইংল্যান্ড এবং জার্মানি। তবে আত্মবিশ্বাসের কমতি নেই কোনো দলেরই। লাল কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো জার্মানি দলে ফিরছেন আক্রমণভাগের ভরসা মিরোস্লাভ ক্লোসা। একই ভাবে চোটের ধাক্কা সামলে উঠেছেন ইংল্যান্ডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনি। যদিও খেলা তৈরির কারিগর বাস্তিন সোয়েস্টিগারকে নিয়ে শঙ্কা কিছুটা থেকেই যাচ্ছে। জার্মান কোচ জোয়াকিম লো বলছিলেন, "খেলার মতো শতভাগ সুস্থ থাকলেই কেবল ও মাঠে নামবে। দেখুন, বাস্তিন হচ্ছে আমাদের দলের প্রাণ। তার ক্ষতি পুষিয়ে নেয়া সহজ নয়।" তবে রক্ষণভাগের ফুটবলার জেরমি বোয়েটাং চোট কাটিয়ে এখন পুরো সুস্থ। ইংল্যান্ড দলের অবশ্য চোট নিয়ে কোনো সমস্যা নেই। নিজের মনমতো একাদশটাই মাঠে নামানোর সুযোগ পাচ্ছেন কোচ ফ্যাবিয়ো ক্যাপালো। গ্র"প পর্বের শেষ খেলায় স্লোভেনিয়ার বিপক্ষে গোলদাতা জার্মেইন ডিফো জার্মানির বিপক্ষে প্রথম একাদশেই থাকবেন। তার সঙ্গে আক্রমণভাগে দেখা যাবে ওয়েন রুনিকে। এছাড়া ইংল্যান্ডের পুরনো দলই খেলছে এই ম্যাচে। এখানেও মাঝ-মাঠে থেকে স্টিভেন জেরার্ড এবং ফ্রাঙ্ক ল্যাম্পার্ড আক্রমণের উৎস তৈরি করে দেবেন। গোলপোস্টের নিচে থাকবেন ডেভিড জেমস। জার্মান দলেও তেমন পরিবর্তন হচ্ছে না। ফিলিপ লাম, মেসুত ওজিল, লুকাস পোডলস্কিদের নিয়েই দল সাজাবেন কোচ। দুই দেশের দুই কোচই ব্লুমফন্টেইনের ফ্রি-স্টেট স্টেডিয়ামে ৪-৪-২ পদ্ধতিতে খেলাবেন নিজ নিজ দলকে। ফিফা র‌্যাঙ্কিংয়ে জার্মানি আছে ৬ষ্ঠ স্থানে। অষ্ঠম স্থানে ইংল্যান্ড। তবে ইতিহাস কথা বলছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির পক্ষে। শেষ ২০ খেলার ১০টিতেই জিতেছে জার্মানি। ইংল্যান্ড জিতেছে ৬ বার। চার ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবে। পরিসংখ্যান কথা বলছে ইংল্যান্ডের হয়েও। এই জার্মানিকে হারিয়েই ১৯৬৬ সালে প্রথম ও শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। খেলায় প্রথমে গোল হজম করেও জিতেছিল ববি চার্লটনের দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৫৬ ঘ.