ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের সঙ্গে গ্রুপ 'জি' থেকে দ্বিতীয় পর্বে উঠেছে পর্তুগাল। শুক্রবার বিশ্বকাপে এ দু'টি দলের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। কোনো দলই গোল করতে পারেনি।
গ্র"পের অন্য খেলায় উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেও আইভরি কোস্টের বিশ্বকাপ প্রথম পর্বেই থেমে গেছে। দলের পক্ষে গোল তিনটি করেন ইয়ায়া টোরে, রোমারিক ও সোলেমন কালু।
প্রথম দু'টি ম্যাচ জিতে 'জি' গ্রুপ থেকে আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ব্রাজিল। শেষ খেলায় পর্তুগালের সঙ্গে ড্র করায় ৭ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারাই। ৫ পয়েন্ট নিয়ে গ্র"পে দ্বিতীয় হয়ে নক-আউট পর্বে জায়গা করে নেয় পর্তুগাল।
এক জয়, এক ড্র ও এক হারের ফলে আইভরি কোস্টের পয়েন্ট দাঁড়ায় ৪-এ। তিন ম্যাচ থেকে উত্তর কোরিয়ার কোনো পয়েন্ট পায়নি।
ডারবানে খেলার প্রথমার্ধে ব্রাজিল কিছুটা আক্রমণাত্মক খেললেও দ্বিতীয়ার্ধে খেলে একেবারে এলোমেলো ফুটবল। নিয়ম রক্ষার এ খেলায় গোল করার জন্য মরিয়া হয়ে উঠতে দেখা যায়নি তাদের। উল্টো দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার ব্রাজিলের সীমানায় আক্রমণ চালায় পর্তুগাল।
খেলার ৪৮ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো বল নিয়ে ব্রাজিলের বক্সের ভেতর ঢুকে যান। কিন্তু দলনায়ক লুসিও তাকে থামিয়ে দেন।
পরের মিনিটে আবারো হানা দেন রোনালদো। কিন্তু ব্রাজিলের তার শট হেড করে প্রতিহত করে রক্ষণভাগের খেলোয়াড়রা।
খেলার ৬০ মিনিটে গোল করার চমৎকার একটা সুযোগ পায় পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো আবারো ব্রাজিলের রক্ষণভাগে হানা দেন। কিন্তু লুসিও তার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে কোনো দিকে না তাকিয়ে অন্য দিকে ঠেলে দেন। বল পড়ে প্রতিপক্ষের রাউল মিরিলেসের সামনে। কিন্তু মিরিলেসের শট বারপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।
এর আগে প্রথামার্ধের ৩০ মিনিটে নিলমারের বাঁ পায়ের শট বারে লেগে ফিরে আসে। পাল্টা-আক্রমণ চালিয়ে পরের মিনিটেই ব্রাজিলের রক্ষণভাগে হানা দেয় পর্তুগাল। সে সময় ব্রাজিলের বক্সের ভেতর টিয়াগো পড়ে যাওয়ার ভান করলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
খেলার ৩৯ মিনিটে আবারো আক্রমণ চালায় ব্রাজিল। লুই ফ্যাবিয়ানো মাথা দিয়ে বল প্রতিপক্ষের জালে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু বল বারপোস্টের ঠিক বাইরে দিয়ে চলে যায়।
প্রথমার্ধে সাতজনকে হলুদ কার্ড দেখান রেফারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২৩৬ ঘ.
bdnews24