রানার্স-আপ ফ্রান্সের পর এবার বিদায় নিল চ্যাম্পিয়ন ইতালি। তাহলে বিশ্ব ফুটবলে নতুন বিপ্লব আসছে? বৃহস্পতিবারের ইতালি ও স্লোভাকিয়া মধ্যকার খেলাটি দেখে মনে হলো ফুটবলের পরাশক্তি বলে পরিচিত দেশগুলোর এখন নতুন করে ভাবতে হবে।
এমনিতে রক্ষণভাগের কারণেই সুনাম ইতালিয়ানদের। কিন্তু এবারের বিশ্বকাপে তিন ম্যাচে যা দেখলাম, তাতে ওদের নতুন করে শুরু করতে হবে আবার। শুধু রক্ষণভাগ কেন, মাঝমাঠ ও আক্রমণভাগেও মেধাবী ফুটবলারের খুব বেশি অভাব। কে বলবে চার বছর আগে এই ইতালিই বিশ্বকাপ জিতেছিল?
আমার মনে হয়, ফাবিয়ো ক্যানাভারো দেশে ফিরেই অবসরের ঘোষণা দেবেন। ইতালিয়ান অধিনায়ক তার সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন। প্রথম দুটো ম্যাচে তার ভুলেই তো গোল খেলো দল। সেই ব্যর্থতার ধারাবাহিকতা এই খেলায়ও দেখলাম।
দেখুন, ওদের ফুটবলে এখন নতুন এক প্রজন্মের দরকার। এই দলের অনেকেরই অবসরের সময় হয়ে গেছে। আমার মনে হয়, ইতালিয়ান কর্মকর্তারা এদিকে নজর দেবেন।
এটা তো গেল ইতালির প্রসঙ্গ। স্লোভাকিয়া কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেই পেয়েছে দ্বিতীয় পর্বের টিকিট। ইতালির বিপক্ষে তাদের এই ৩-২ গোলের জয়টাকে আমি কোনোভাবেই অঘটন বলবো না। ওরা যোগ্য দল হিসেবেই উঠেছে পরের পর্বে।
এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশের মানুষরাও গা ভাসিয়ে দিয়েছেন। আমাদের ফুটবল কর্তারাও নিশ্চয়ই দেখছেন যে বিশ্ব ফুটবলে বিপ্লব আসছে। এটা কাজে লাগিয়ে আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। দীর্ঘ মেয়াদী অনুশীলনের মাধ্যমে তুলে আনতে হবে একটা মেধাবী প্রজন্ম।
সবচেয়ে বড় কথা হলো ফুটবলের এই জোয়ার কাজে লাগাতে হবে।
আমার বিশ্বাস একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে অন্তত দক্ষিণ এশিয়া অঞ্চলে আবারো শ্রেষ্ঠত্ব ফিরে পাবো আমরা।
পর্তুগাল-ব্রাজিল
এরই মধ্যে দ্বিতীয় পর্বের টিকিট পেয়েছে ব্রাজিল। পর্তুগালের বিপক্ষে এটা নিছকই নিয়মরক্ষার ম্যাচ ওদের। আমার মনে হয়, কোচ কার্লোস ডুঙ্গা এজন্য দলে কিছুটা পরিবর্তন আনবেন। হয়তো সেরা একাদশের কয়েকজনকে বিশ্রামে রাখা হতে পারে।
তবে জয়ের অভ্যাসটা নিশ্চয়ই ধরে রাখতে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। কারণ একবার ছন্দ হারালে সেটা ফিরে পাওয়া সহজ নয়।
কাকা লালকার্ডের নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারছেন না। এটা সুখবর পর্তুগালের। কিন্তু কাকা-ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখা থেকে আমরা বঞ্চিত হলাম।
আগের ম্যাচেই নিজেকে ফিরে পেয়েছেন রোনালদো। এ ম্যাচে যেহেতু জিততেই হবে পর্তুগালের, আমার বিশ্বাস এখানেও তার সেই ছন্দ দেখবো।
এমনিতে দুই দলই ছন্দময় ফুটবল খেলতে পছন্দ করে। মনে হচ্ছে এটি উপভোগ্য এক ম্যাচ হয়ে উঠবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএমএইচ/২২৩৬ ঘ.
bdnews24