জোহানেসবার্গ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার রাস্তাটা হঠাৎই খুব কঠিন হয়ে গেছে আইভরি কোস্টের জন্য। ভাগ্যদেবীর আশীর্বাদ না পেলে সেটি হয়তো স্বপ্ন হয়েই থেকে যাবে দিদিয়ের দ্রগবাদের জন্য।
'জি' গ্র"পে আইভরি কোস্ট শুক্রবার খেলবে উত্তর কোরিয়ার সঙ্গে। পরের পর্বে উঠতে হলে খেলায় আইভরি কোস্টকে জিততে হবে বড় ব্যবধানে। আর পর্তুগালকে ব্রাজিলের কাছে হারতে হবে বড় ব্যবধানে। তাহলেই কেবল দ্বিতীয় পর্বে যেতে পারবে আইভরি কোস্ট।
উত্তর কোরিয়ার জন্য এটি কেবল সম্মান রক্ষার লড়াই। প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারলেও পরের ম্যাচে পর্তুগালের কাছে স্রেফ উড়ে যায় ৭-০ গোলে হেরে।
আইভরি কোস্টের রক্ষণভাগের খেলোয়াড় আর্থার বোকা তাই স্বীকারই করলেন, যদি তারা দ্বিতীয় পর্বে ওঠেন, তাহলে সেটি হবে অলৌকিক ঘটনা। তবে অলৌকিক ঘটনা তো ঘটেই।
আর্থারের সতীর্থ জারভিনহোও তার সঙ্গে সুর মিলিয়ে বললেন, "পর্তুগাল যদি উত্তর কোরিয়াকে সাত গোল দিতে পারে তাহলে আমরা কেন পারব না? তার চেয়েও বড় কথা, বিশ্বকাপ থেকে যদি বিদায় নিতেই হয়, তাহলে মাথা উঁচু করেই নিতে চাই।"
এদিকে উত্তর কোরিয়ার কোচ কিম জং হানেরও লক্ষ্য বিশ্বকাপ থেকে অন্তত একটি পয়েন্ট নিয়ে দেশে ফেরা। পরের পর্বে যাওয়ার কোনো চাপ নেই বলে খেলোয়াড়দের মুক্ত মনে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। খেলার কৌশলে কিছু পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২৫ ঘ.
bdnews24