পোলকওয়ান, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠতে বৃহস্পতিবার 'এফ' গ্র"পে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র-ই যথেষ্ট প্যারাগুয়ের।
উল্টো দিকে জয় কিউইদের দ্বিতীয় পর্ব নিশ্চিত করলেও, ড্র তাদের ফেলে দেবে অনিশ্চিত ভাগ্যের হাতে। তখন তাদের তাকিয়ে থাকতে হবে গ্র"পে ইতালি-স্লোভাকিয়া ম্যাচের দিকে।
দু'দলের মধ্যে শক্তির তারতম্যে প্যারাগুয়েকেই এগিয়ে রাখছেন ফুটবল বোদ্ধারা। তবে চলতি বিশ্বকাপে র্যাংকিংয়ে ৭৮ নম্বরে থাকা নিউজিল্যান্ড প্রথম দু'ম্যাচে স্লোভাকিয়া এবং ইতালির সঙ্গে ড্র করে সবাইকে চমকে দিয়েছে।
আগের ম্যাচে স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস অনেক উঁচুতে উঠে গেছে প্যারাগুয়ের। আক্রমণভাগে ইনজুরি থেকে ফিরে আসা রোক সান্তা ক্রুজ, নেলসন ভালদেজ এবং লুকাস বারিওসকে নিয়ে দল সাজিয়েছেন প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো।
তবে তার ভয়, নিউজিল্যান্ড খেলোয়াড়দের দৈহিক উচ্চতা এবং শারীরিক সামর্থ্য নিয়ে। এছাড়া ফ্রি-কিক থেকে কিউইদেও হেডের দক্ষতাও ভাবাচ্ছে মার্টিনোকে।
কোচের সঙ্গে একমত প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড় পাওলো ডি সিলভাও। তারও মতে, পাল্টা আক্রমণে কিউইরা বেশ ভয়ঙ্কর।
এদিকে কিউইদের অধিনায়ক রায়ান নেলসনও দ্বিতীয় পর্বে ওঠার আশা ছাড়ছেন না। রায়ান বলেন "ইতালির বিপক্ষে আমরা যে নৈপুণ্য দেখিয়েছি, তার পুনরাবৃত্তি করতে চাই প্যারাগুয়ের বিপক্ষেও। আমরা ড্র নয়, জয়ের লক্ষ্যেই নামব।"
অধিনায়কের সঙ্গে গলা মিলিয়েছেন গোলরক্ষক মার্ক প্যাস্টন এবং আক্রমণভাগের তারকা ক্রিস কিলেনও। দু'জনেই জানাচ্ছেন, গোটা দল এ ম্যাচে জানবাজি রেখে খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএমএইচ/ ১৮২৪ ঘ.
bdnews24