২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের চাই ড্র, ডেনমার্কের জয়

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ থাকছে দু' দলেরই। বৃহস্পতিবার গ্র"প 'ই' এর শেষ ম্যাচে জাপানের প্রয়োজন ড্র। প্রতিপক্ষ ডেনমার্কের চাই জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 12:38 PM

Updated : 25 Aug 2022, 12:40 PM

রাস্টেনবার্গ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ থাকছে দু' দলেরই। বৃহস্পতিবার গ্র"প 'ই' এর শেষ ম্যাচে জাপানের প্রয়োজন ড্র। প্রতিপক্ষ ডেনমার্কের চাই জয়। কিন্তু শেষ ম্যাচের এই সমীকরণ খুব একটা স্বস্তিতে রাখছে না জাপানকে। গ্র"প পর্বের আগের ম্যাচেই ০-১ গোলে নেদারল্যান্ডসের কাছে হেরেছে তারা। তবে কোচ তাকেশি ওকাদা আগের ম্যাচের দলটাই মাঠে নামাবেন। তবে দল অপরিবর্তিত থাকলেও পরিবর্তন আসবে খেলার ছকে। ওকাদা বলেন, "একজন স্ট্রাইকার খেলানোর কথা ভাবছি আমি। আসলে মাঝ মাঠের নিয়ন্ত্রণ হাতে রাখতে আমার পছন্দের ছক ৪-১-৪-১।" তবে এটাই শেষ কথা নয় জাপানি কোচের। তিনি বলেন, "পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবো আমরা।" কারণ ২০০২ সালের পর আবারো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চায় না জাপান। দলের সেরা তারকা সানসুকি নাকামুরারও সাফ কথা "ড্র নয়, জিতেই আমরা উঠতে চাই শেষ ষোলতে।" বৃহস্পতিবারের ম্যাচটি খেলার আগে নাকামুরা কাটবেন তার ৩২তম জন্মদিনের কেক। জাপানের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের দ্বিতীয় পবের্র উঠতে প্রস্তুত ডেনমার্কও। ১৯৮৬ সালের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়া মর্টেন ওলসেন এখন কোচ। ম্যাচটাকে তিনি ফাইনাল ম্যাচ হিসেবেই ধরছেন, "জাপান সুশৃঙ্খল এক দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। আমরা জানি এ ম্যাচে হেরে যাওয়া মানেই বিদায়। এটি আমাদের জন্য বিশ্বকাপের ফাইনাল।' জাপানের মুখোমুখি হওয়ার আগে ইতিহাস অবশ্য ডেনমার্কের পক্ষেই কথা বলছে। সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল ১৯৭১ সালে। ওই দেখায় ড্যানিশরা জিতেছিল ৩-২ গোলে। এশিয়ান দেশগুলোর বিপক্ষে ডেনমার্কের রেকর্ডও দুর্দান্ত। ১৫টি ম্যাচ খেলে তারা জিতেছে ১০টিতে। অন্যদিকে ইউরোপিয়ানদের বিপক্ষে ৬ ম্যাচ খেলে জাপান জিতেছে মাত্র ১টি ম্যাচ। তবে ইতিহাস আর রেকর্ডই শেষ কথা নয়। রাস্টেনবার্গে হিসেবের ছক যদি উল্টে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, জাপান ২০০২ সালেই বুঝিয়ে দিয়েছে ওরা লড়তে জানে। স্বাগতিক দল হিসাবে তারা ওই বছর দ্বিতীয় পর্বে ঠিকই জায়গা করে নিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএমএইচ/ ১৮২০ঘ.