পোর্ট এলিজাবেথ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'কাগুজে বাঘ' বিশেষনটা বেশ বিব্রত করছে তাদের। কিন্তু বুধবার সেই 'অপবাদ' ঘোচানোর সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপে গ্র"প 'সি'-এ নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে স্লোভেনিয়ার।
মাঠে নামার আগে অবশ্য এগিয়ে থাকছে স্লোভেনিয়াই। চার পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষে রয়েছে তারা। খেলায় ইংল্যান্ডের সঙ্গে ড্র করলেই তারা পেয়ে যাবে দ্বিতীয় পর্বের টিকেট।
অন্যদিকে জয় চাই ইংল্যান্ডের। বুধবারের খেলার জন্য কোচ ফাবিয়ো ক্যাপেলো ৪-৪-২ পদ্ধতি বেছে নেয়ার কথা ভাবছেন। আসলে এই ছকের বাইরে চিন্তা করতে মোটেও রাজি নন তিনি। ক্যাপেলোর কাছে সবার আগে চাই 'মাঝ মাঠের দখল'।
শুধু মাঝ-মাঠ দখলে নিয়ে বসে থাকলেই তো চলবে না। গোলও চাই। গ্র"পে নিজেদের আগের দুই খেলায় ইংল্যান্ড গোল পেয়েছে মাত্র একটি। আক্রমণভাগের সেরা খেলোয়াড় ওয়েন রুনি যেন খেলতেই ভুলে গেছেন। এ খেলায় ঝলসে উঠতেই হবে তাকে।
আক্রমণভাগের আরেক খেলোয়াড় এমিল হেস্কি প্রতিপক্ষের রক্ষণভাগে বারবার আক্রমণ চালিয়েও গোল পাচ্ছেন না। যদিও রক্ষণভাগের খেলোয়াড় জন টেরি মনে করছেন, এই ম্যাচে সব সমস্যা কেটে যাবে। তিনি বলেন, "দেখুন, এখন আর পেছন ফিরে দেখার সময় নেই। দক্ষিণ আফ্রিকায় আসার আগে দুর্দান্ত ফুটবল খেলেছি। স্লোভেনিয়ার বিপক্ষে সেই ঝলক দেখাতে প্রস্তুত দলের অন্য খেলোয়াড়রা।"
এই খেলায় ওয়েন রুনির পাশে আক্রমণভাগে দেখা যেতে পারে জো কোলকে। সেক্ষেত্রে এমিল হেস্কি একটু নিচে নেমে খেলবেন।
এমনিতেই বড় প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে স্লোভেনিয়ার বিদায় নেয়া নতুন কোনো খবর নয়। ২০০২ সালের বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। ২০০০ সালে ইউরো অভিযানেরও সমাপ্তী ঘটে প্রথম পর্বে।
বুধবার ইংল্যান্ড জিতলে দেশে ফেরার টিকেট কাটতে হবে স্লোভেনিয়াকে। তবে কোচ মাতাজ কেক সাফ জানিয়ে দেন, এত তাড়াতাড়ি ফিরতে চান না তারা। তিনি বলেন, "দেখুন, আমাদের চাই ড্র। এক পয়েন্ট পেলেই হয়তো পরের পর্বে উঠে যাবো। কিন্তু ড্র নয়, জিতেই উঠতে চাই শেষ ১৬ তে।"
ইংল্যান্ডের মতো স্লোভেনিয়াও ৪-৪-২ পদ্ধতিতে খেলবে বুধবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯১৩ ঘ.
bdnews24