প্রিটোরিয়া, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'দলের জন্যই এটি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের টিকেট পাওয়ার ম্যাচ। 'সি' গ্র"পের এই ম্যাচে বুধবার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়া। জয়ী দল দ্বিতীয় পর্বে ওঠার পথে এক ধাপ এগিয়ে যাবে। আর হার মানা দল ব্যাগ গোছাবে দেশে ফেরার জন্য।
তুলনামূলকভাবে একটু ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দুই ম্যাচে তাদের পয়েন্ট দুই। সমান ম্যাচে আলজেরিয়ার পয়েন্ট এক।
যুক্তরাষ্ট্রের কোচ বব ব্রাডলে তার দলকে আক্রমণাত্মক ও ইতিবাচক ফুটবল খেলার পরামর্শ দিয়েছেন। আর সেভাবেই দল সাজাচ্ছেন তিনি। এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা থাকায় আক্রমণভাগের খেলোয়াড় রবি ফিন্ডলে মাঠে নামতে পারছেন না। তার জায়গায় খেলবেন এডসন বাডল। তার সঙ্গে থাকবেন জজি আলটিডোর।
স্লোভেনিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে ড্র করেছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে যে কৌশল নিয়েছিলেন ব্রাডলে, আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই সে কৌশলে খেলাবেন দলকে।
প্রথম ম্যাচে স্লোভেনিয়ার কাছে হারলেও পরের খেলায় ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে আলজেরিয়া। যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার সামর্থ্য তাদের আছে। আত্মবিশ্বাসেরও কোনো ঘাটতি নেই অধিনায়ক আনতার ইয়াহিয়ার। বলেছেন, "ইংল্যান্ডের বিপক্ষে আমরা আমাদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছি। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তা দেখাতে চাই।"
আর সে জন্যই শেষ ষোলতে ওঠার স্বপ্ন দেখছে আলজেরিয়াও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩৮ ঘ.
bdnews24