২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির চাই জয়, ঘানার ড্র

দ্বিতীয় পর্বে উঠতে হলে জিততেই হবে জার্মানিকে। নইলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরতে হবে দ্বিতীয় পর্বে না উঠতে পারার দুঃখ নিয়ে। বুধবার বিশ্বকাপে ঘানার বিপক্ষে খেলায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এটাই প্রথম ও শেষ শর্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 12:38 PM

জোহানেসবার্গ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় পর্বে উঠতে হলে জিততেই হবে জার্মানিকে। নইলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরতে হবে দ্বিতীয় পর্বে না উঠতে পারার দুঃখ নিয়ে। বুধবার বিশ্বকাপে ঘানার বিপক্ষে খেলায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এটাই প্রথম ও শেষ শর্ত। উল্টো দিকে ঘানার জন্য শর্তটা কিছুটা সহজ। খেলা ড্র হলেই এবারের বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে তারা চলে যাবে শেষ ষোলতে। প্রথম ম্যাচে জার্মানি ৪-০ গোলে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয়। তখন মনে হয়েছিল ফিলিপ লামের দল সহজেই চলে যাবে পরের পর্বে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় জার্মানি। ১-০ গোলে হেরে যায় সার্বিয়ার কাছে। কিন্তু এই বাঁচা-মরার লড়াইয়ে জার্মান কোচ জোয়াকিম লো পাচ্ছেন না তার আক্রমণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় মিরোস্লাভ ক্লোজকে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় ঘানার বিপক্ষে খেলতে পারছেন না তিনি। কোচ লো বলেছেন, "অনুশীলনের পর আমি ঠিক করব ক্লোজের জায়গায় কাকে খেলাবো। ওর জায়গা পূরণের মতো খেলোয়াড়ের অভাব আমার নেই।" ক্লোজের জায়গায় খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলীয় বংশোদ্ভূত কাকাওয়ের। দু'টি খেলায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। একটি গোল করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সার্বিয়ার বিপক্ষে হার তার দলের জন্য শাপে বর হবে বলে মনে করছেন জার্মান কোচ লো। বলেন, তাই ঘানার বিপক্ষে জেতার জন্যই তার দল মাঠে নামবে। এদিকে ঘানা একটু সুবিধাজনক অবস্থায় থাকলেও কোচ মিলোভান রাদেভিচ কোনো রকম আত্মতুষ্টিতে ভুগছেন না। ঘানা প্রথম খেলায় ১-০ গোলে হারায় সার্বিয়াকে। দ্বিতীয় খেলা ১-১ গোলে ড্র করে অস্ট্রেলিয়ার সঙ্গে। দুটি গোলই তারা করেছে পেনাল্টি থেকে। গত ১২টি আন্তর্জাতিক ম্যাচে ঘানা একটির বেশি গোল করতে পারেনি। আসলে এই বিষয়টিই চিন্তায় ফেলেছে কোচ রাদেভিচকে। তাই জার্মানদের বিপক্ষে আসামোয়াহ গিয়ানের সঙ্গে সুলে মুনতারিকে খেলাতে চান তিনি। রক্ষণভাগে ফিরতে পারেন অভিজ্ঞ জন মেনশাহ। রক্ষণভাগের খেলোয়াড় হানসের গলায় অবশ্য আত্মবিশ্বাসের সুর, "কোনো সন্দেহ নেই জার্মানি অভিজ্ঞ এবং শক্তিশালী দল। কিন্তু ওদেরও দুর্বলতা রয়েছে। বিশেষ করে রক্ষণভাগে। এই দুর্বলতার সুযোগই নেব আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭২৭ ঘ.