২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে প্রথম জয় স্পেনের

হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে স্পেন। সোমবার 'এইচ' গ্রুপের খেলায় স্পেন ২-০ গোলে হারিয়েছে হন্ডুরাসকে। দু'টি গোলই করেন ডেভিড ভিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 08:28 PM

Updated : 25 Aug 2022, 12:32 PM

জোহানেসবার্গ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে স্পেন। সোমবার 'এইচ' গ্রুপের খেলায় স্পেন ২-০ গোলে হারিয়েছে হন্ডুরাসকে। দু'টি গোলই করেন ডেভিড ভিয়া। এই জয়ের ফলে স্পেনের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা টিকে থাকলো। ম্যাচে ইউরো চ্যাম্পিয়নরা কেন দু'টির বেশি গোল করতে পারলো না, সেটি একটি বড় রহস্য। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন ডেভিড ভিয়া, ফার্নান্ডো তোরেস, সিসে ফ্যাব্রেগাস এবং সার্জিও র‌্যামোস। স্পেনের আধিপত্য নিয়ে তো কোনো প্রশ্ন ছিল না, দেখার বিষয় ছিল তারা কখন প্রথম গোল পায়। সেটি স্পেন পেয়েছে প্রথমার্ধের ১৭ মিনিটে। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে একাই হন্ডুরাসের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন ভিয়া। এরপর ডান পায়ের কড়া শটে বল জড়িয়ে দেন জালে। এই গোলের আগে ও পরে, ভিয়া ও তোরেস একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন। তবে ভিয়ার একটি দুরন্ত শট হন্ডুরাসের বারপোস্টে লেগে ফিরে আসে। তোরেস তিনটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন। তার সঙ্গে পাল্লা দিয়ে র‌্যামোসও নষ্ট করেছেন দু'টি গোলের সুযোগ। আর হন্ডুরাস পুরো প্রথমার্ধ ব্যস্ত ছিল স্পেনের আক্রমণ ঠেকাতেই। হাতে গোনা বার কয়েক যে আক্রমণ তারা করেছে তা প্রতিহত করতে কোনো বেগই পেতে হয়নি স্পেনকে। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাচ মিনিটের মধ্যেই ফের গোল পায় স্পেন। এবারো ভিয়া। তার প্রচণ্ড শট হন্ডুরাসের রক্ষণভাগের খেলোয়াড় ওসমান শ্যাভেজের পায়ে লেগে ঢুকে যায় জালে। খেলার ৬০ মিনিটে স্পেনের জেসাস নাভাসকে বক্সের ভেতর ফাউল করেন হন্ডুরাসের ডেভিড সুয়াজো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু তা থেকে গোল করতে না পেরে ভিয়া হ্যাট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এভাবে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত চলেছে স্পেনের গোলের সুযোগ নষ্ট করার মহড়া। তাই জিতে প্রয়োজনীয় তিনটি পয়েন্ট পেলেও আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতা নিয়ে ভাবতেই হবে কোচ ভিসেন্ত দেল বস্কোকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০২২৪ ঘ.