জোহানেসবার্গ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে আক্রমণাত্মক ফুটবল খেলে সবার নজর কেড়েছে মেক্সিকো। উরুগুয়ের বিপক্ষে মঙ্গলবার তারা কি ধরনের কৌশল নেয়, সবার দৃষ্টি এখন সেদিকে। কেননা আর্জেন্টিনাকে এড়াতে চায় তারা।
'এ' গ্র"প রানার্স-আপ হয়ে মেক্সিকো শেষ ১৬-তে পৌঁছালে তাদের খেলা পড়বে সম্ভবত আর্জেন্টিনার সঙ্গে। তাই গ্র"পের শীর্ষে থেকে ডিয়েগো ম্যারাডোনার দলকে এড়াতে চায় মেক্সিকো। কারণ গ্র"প 'বি'র শীর্ষে থাকতে পারে আর্জেন্টিনা।
মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরের ভয় উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় ডিয়েগো ফোরলান ও লুইস সুয়ারেজকে নিয়ে। তিনি বলেন, "আমি আশা করছি উরুগুয়ের বিপক্ষে আমরা আমাদের খেলা খেলতে পারবো।"
তবে চোটের জন্য আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস ভেলাকে মেক্সিকো পাচ্ছে না। আর টানা দু'টো হলুদ কার্ড দেখায় মাঠে নামতে পারছেন না রক্ষণভাগের খেলোয়াড় এফরেইন জুয়ারেজও।
উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দলটিকে খেলিয়েছিলেন সেই দলটিকেই তিনি মাঠে নামাতে চান।
এ পর্যন্ত উরুগুয়ের সঙ্গে ১৭টি ম্যাচ খেলে মাত্র তিনটিতে হেরেছে মেক্সিকো।
বিশ্বকাপে দু'দলেরই পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে উরুগুয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩৩ ঘ.
bdnews24