পোলকওয়েন, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ড্র করলেই দ্বিতীয় পর্ব নিশ্চিত। তবে ড্র নয়, মঙ্গলবার গ্রিসকে হারিয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ষোলতে নাম লেখাতে চায়।
অংকের হিসেবে, এই গ্রুপ থেকে আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া ও গ্রিস, তিন দলেরই পরের পর্বে খেলার সুযোগ রয়েছে। যদি গ্রিস হারায় আর্জেন্টিনাকে, আর দক্ষিণ কোরিয়ার কাছে হার মানে নাইজেরিয়া, তাহলে তিন দলেরই পয়েন্ট হবে তিন খেলায় ছয়। সেক্ষেত্রে নানা পরিসংখ্যান ঘেটে দুই দল যাবে শেষ ষোলতে।
তবে মাঠের হিসেব বলছে, গ্রিসের বিপক্ষে আর্জেন্টিনা সব দিক দিয়েই অনেকখানি এগিয়ে রয়েছে। দুই ম্যাচে আর্জেন্টিনা দিয়েছে পাঁচ গোল। সোমবার গোলের সংখ্যা কয়টা বাড়াতে পারে মূলত তাই এখন দেখতে চাইছে আর্জেন্টিনার সমর্থকরা।
একটু পেছন ফিরে তাকালে দেখা যাবে ১৯৯৪ সালের বিশ্বকাপে ডোপ টেস্টে ব্যর্থ হয়ে প্রতিযোগিতা থেকে বহিষ্কার হওয়ার আগে ম্যারাডোনা শেষ ম্যাচ খেলেছিলেন এই গ্রিসের বিপক্ষেই। সেই খেলায় ম্যারাডোনা তো গোল করেছিলেনই, আর্জেন্টিনা জিতেছিল ৪-০ গোলে। সেটি ছিল আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনার ৩৪তম ও শেষ গোল।
আর্জেন্টিনার কোচ আগেই জানিয়ে দিয়েছেন, এই খেলায় দলে কয়েকটি পরিবর্তন আনা হবে। দু'বার করে হলুদ কার্ড পাওয়ায় রক্ষণভাগের খেলোয়াড় গুত্তিরেজ ও হেইঞ্জ মাঠে নামতে পারবেন না। একই কারণে খেলতে পারবেন না অধিনায়ক মাসচেরানোও। কাজেই দলে পরিবর্তন আনতেই হবে ম্যারাডোনাকে।
তাই এ ম্যাচে খেলছেন ডিয়েগো মিলিতো ও সার্জিও আগুইরো। তবে মেসিকে বিশ্রাম দেয়ার কথা ভাবছেন না ম্যারাডোনা। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেললেও গোল পাননি ফিফার বর্ষসেরা এই ফুটবলার। গ্রিসের বিপক্ষে তার কাছ থেকে গোল চান কোচ।
এদিকে প্রতিপক্ষ আর্জেন্টিনা বলে মোটেই ভড়কে যাননি গ্রিস কোচ অটো রিহাগেল। ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নদের কোচ বলছেন, পরের পর্বে ওঠার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবেন। রিহাগেল মনে করেন, "ম্যারাডোনা পরিবর্তন আনলে তার দলের জয়ের সুযোগ বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭৫০ ঘ.
bdnews24