২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস ও বিশ্লেষণ

এই ব্রাজিলকেই দেখতে চেয়েছিলাম। আইভরি কোস্টের বিপক্ষে চেনা চেহারাতেই দেখা গেল ওদের। তাই তো ৩-১ গোলে ম্যাচ জিতে ওরা পেয়ে গেছে দ্বিতীয় পর্বের টিকেট। এখনো বাকি আছে এক ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 12:34 PM

এই ব্রাজিলকেই দেখতে চেয়েছিলাম। আইভরি কোস্টের বিপক্ষে চেনা চেহারাতেই দেখা গেল ওদের। তাই তো ৩-১ গোলে ম্যাচ জিতে ওরা পেয়ে গেছে দ্বিতীয় পর্বের টিকেট। এখনো বাকি আছে এক ম্যাচ। রোববার জয়ের পাশাপাশি একটা জবাবও দিলেন কোচ কার্লোস ডুঙ্গা। গত কিছুদিন ধরেই তার কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। বলা হচ্ছে ব্রাজিলের ফুটবলে আগের সেই নান্দনিকতা নেই! সমালোচকদের মুখ নিশ্চয়ই এখন বন্ধ হবে। কারণ রোববার আইভরি কোস্টের বিপক্ষে শুধু গোলই নয়, নান্দনিক ফুটবলও উপহার দিয়েছে ডুঙ্গার ব্রাজিল। দেখে মনে হলো ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিততেই ওরা দক্ষিণ আফ্রিকা গেছে। লুইস ফ্যাবিয়ানোর কথা আগেও বলেছি। তিনি বেশ ভালো করেই জানেন কিভাবে বল নিয়ন্ত্রণে রাখতে হয়। পাশাপাশি প্রতিপক্ষের গোলপোস্টে ফ্যাবিয়ানো এত দ্রুত শট নিচ্ছিলেন যে তা দেখে খুবই ঈর্ষা হচ্ছিল আমার। মাথা ঠান্ডা রেখে ওভাবে শট নেয়া সহজ নয়। ফ্যাবিয়ানোর দু'টো গোলই দুর্দান্ত। তবে আচমকা শটে প্রথম যে গোলটি করলেন তা দেখে নিজের অতীতে ফিরে গেলাম আমি। যখন খেলতাম, তখন আমি নিজেও একাধিকবার এভাবে গোল দিয়েছি। দ্বিতীয় গোলটিতে অবশ্যই কাকা ও রবিনহোর যথেষ্ট অবদান রয়েছে। আমার তো মনে হয়, এবার গোল্ডেন বুটও পেতে পারেন ফ্যাবিয়ানো। সেই যোগ্যতা তার আছে। প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করে খেলতে না পারলেও বোরবার সত্যিকারের কাকাকে দেখলাম। অসাধারণ কিছু বল যোগান দিয়েছেন তিনি। আইভরি কোস্টের গোলরক্ষক প্রাচীর হয়ে না দাঁড়ালে হয় তো গোলও পেতে পারতেন কাকা। কিন্তু মাথা গরম করে তার লালকার্ড পাওয়াটা ভালো লাগেনি। বিশেষ করে, কাকাকে তো সব সময় শান্ত ফুটবলার হিসেবেই জানতাম। তবে আইভরি কোস্টের ফুটবলাররা ওকে স্বস্তিতে থাকতে দেয়নি। যাই হোক, শেষ পর্যন্ত ব্রাজিল যে চেনা পথ খুঁজে পেয়েছে, তাই বড় কথা। ফ্রান্স-দক্ষিণ আফ্রিকা মঙ্গলবারই হয়তো বিদায় নিতে হতে পারে ফ্রান্সকে। দলে এমন দ্বন্দ্ব থাকলে আর যাই হোক খেলায় জেতা যায় না। বলছিলাম, নিকোলাস অ্যানেলকার সঙ্গে কোচ রেমন্ড ডমিনেখের দ্বন্দ্বের কথা! শুনছি দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে অ্যানেলকাকে। ফ্রান্স দলের যে অবস্থা তাতে মনে হয়, অন্যদেরও হয়তো দেশে ফেরার টিকেট কাটতে হবে। দেখুন, সাফল্যের জন্য সবার আগে চাই-দলকে এক সুতোয় গাথা! আর সেটাই করতে ব্যর্থ হয়েছেন কোচ। প্রথম দুই ম্যাচে ফ্রান্স এক পয়েন্ট পাওয়ায় আমি অবশ্য বিস্মিত হইনি। ওরা বাছাই পর্বেও বাজে ফুটবল খেলেছে। আমার সন্দেহ হচ্ছে, মঙ্গলবার হয়তো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যেতে পারে ফরাসিরা। আর্জেন্টিনা-গ্রিস বিশ্বকাপের দ্বিতীয় পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। আমার মনে হয়, মঙ্গলবার গ্রিসের বিপক্ষে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করবেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু তা করতে গিয়ে লিওনেল মেসিকে বিশ্রাম দেয়া মোটেও ঠিক হবে না। ও খেলা গড়ার কারিগর। তাকে বিশ্রামে দিলে দল খেলার ছন্দ হারাবে। ও মাঠে যতো বেশিক্ষণ থাকে ততোই ভালো। আমার মনে হয়, ম্যারাডোনা মেসিকে রেখেই প্রথম একাদশ সাজাবেন। এছাড়া তারা আক্রমণাত্মক ফুটবলই খেলবে বলে আমার মনে হয়। দ্বিতীয় পর্বের আগে নিজেদের অবস্থা যাচাই করে নেয়ার এটাই তো সুযোগ। গ্রিসের বিপক্ষে আর্জেন্টিনা সব সময়ই এগিয়ে থাকবে, এখন যে দলই খেলান না কেন ম্যারাডোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭২২ ঘ.