জোহানেসবার্গ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ম্যাচেই সেই চেনা ব্রাজিল। রোববার বিশ্বকাপের 'জি' গ্রুপে পাচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৩-১ গোলে আইভরি কোস্টকে হারিয়ে উঠে গেছে দ্বিতীয় পর্বে।
ব্রাজিলের পক্ষে দু'টি গোল করেন লুইস ফ্যাবিয়ানো। অপরটি করেন এলানো। আইভরি কোস্টের পক্ষে একটি গোল শোধ করেন দিদিয়ের দ্রগবা। তবে ব্রাজিলের জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে যায় কাকা লাল কার্ড পাওয়ায়।
প্রথমার্ধে ব্রাজিল নিজেদের ছন্দে ফিরতে না পারলেও দ্বিতীয়ার্ধে তাদের দেখা যায় সেই চিরচেনা রূপে। তারই জবাব দিতে পারেনি দ্রগবার দল।
খেলার প্রথম মিনিটেই দূরপাল্লার শট নেন রবিনহো। বল গোলপোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়। তবে রবিনহো তার বাঁ দিকে ফ্যাবিয়ানোকেও বলটি দিতে পারতেন। এতে গোল হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি।
ব্রাজিলের এই আক্রমণাত্মক খেলা দেখে উল্লসিত হয়ে উঠেছিলেন সে দেশের সমর্থকরা। কিন্তু তা মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। কারণ মাঝমাঠের দখল নিতে না পারায় প্রত্যাশা অনুযায়ী, আক্রমণ চালাতে পারছিল না ব্রাজিল।
কাকা ও ফেলিপে মেলো, দু'জনের কেউই ভালো খেলতে পারছিলেন না। মূলত রবিনহো একা একাই খেলার চেষ্টা করেন। ফলে মাঝমাঠ থেকে বলের যোগান প্রায় বন্ধই হয়ে যায় আক্রমণভাগে লুইস ফ্যাবিয়ানোর কাছে। এলানো নিচে নেমে বল দখলের চেষ্টা করলেও ওপরে ফ্যাবিয়ানো ছিলেন একেবারে নিঃসঙ্গ।
তবে দলটা তো ব্রাজিল। তাই খেলার ছন্দ বদলাতে তারা খুব একটা বেশি সময় নেয়নি। তারকা খেলোয়াড়দের একটি কিংবা দু'টি ঝলকই পার্থক্য গড়ে দিতে পারে। তাই দেখা গেছে ২৫ মিনিটে।
রবিনহোর কাছ থেকে বল পেয়ে হঠাৎ করেই গতি বাড়িয়ে আইভরি কোস্টের রক্ষণভাগে ফাটল ধরান কাকা। নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন ফ্যাবিয়ানোকে। মাত্র আট গজ দূর থেকে তীব্র শট নেন তিনি। বল জড়িয়ে যায় জালে। ব্রাজিলের হয়ে নিজের ৪১তম খেলায় এটি তার ২৬তম গোল।
তবে লড়াইয়ে পিছিয়ে ছিল না আইভরি কোস্টও। বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছে ব্রাজিলের গোলমুখে। তার বেশিরভাগই ঠেকিয়ে দিয়েছে অধিনায়ক লুসিওর নেতৃত্বে ব্রাজিলের রক্ষণভাগ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেকে ফিরে পাওয়া শুরু করেন কাকা। সঙ্গে এলানো এবং রবিনহোও।
তারই ফল পায় ব্রাজিল ৫০ মিনিটে। আবার সেই ফ্যাবিয়ানো। প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি, বাঁ পায়ের চমৎকার শটে।
এর তিন মিনিট পরই খেলায় ফেরার চমৎকার একটি সুযোগ পেয়েছিল আইভরি কোস্ট। আরুনা দিনদানের ক্রসে দ্রগবার হেড গোলপোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়।
৬২ মিনিটে তৃতীয় গোল করে ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে আবারো বোকা বানিয়ে গোল মুখে বল ঠেলে দেন কাকা। তাতে পা ছুঁইয়ে সহজেই গোল করেন এলানো। বিশ্বকাপের দুই ম্যাচে দুই গোল করলেন তিনি।
তিন গোলে এগিয়ে যাওয়ার পর ব্রাজিল কিছুটা হাল্কা মেজাজে খেলতে থাকে। এরই সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে একটি গোল শোধ করে আইভরি কোস্ট। ইয়াইয়া তোরের ক্রসে মাথা ছুঁইয়ে ব্রাজিলের জালে বল পাঠিয়ে দেন দ্রগবা।
তবে এরপরও নাটক বাকি ছিল। খেলার শেষ দিকে দু'দলের খেলোয়াড়রা মাথা গরম করে খেলতে থাকে। এরই মাশুল দেন কাকা লাল কার্ড দেখে। ফলে খেলার শেষ কয়েক মিনিট ব্রাজিলকে খেলতে হয় দশ জনকে নিয়ে। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ে পাচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০২৪৮ ঘ.
bdnews24