পোর্ট এলিজাবেথ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'দলের সামনেই বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ রয়েছে। তাই জয়ের লক্ষ্যকে সামনে রেখে সোমবার বিশ্বকাপের 'এইচ' গ্র"পে মুখোমুুখি হচ্ছে চিলি ও সুইজারল্যান্ড।
নিজেদের প্রথম ম্যাচে জিতেছে দু'দলই। চিলি ১-০ গোলে হারায় হন্ডুরাসকে। সুইজারল্যান্ড একই ব্যবধানে জেতে স্পেনের বিপক্ষে। ফলে দু'দলেরই পয়েন্ট তিন করে।
তাই যে দল জিতবে সে দলেরই দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত। এমনকি, জয়ী দল গ্র"পের শেষ ম্যাচে হেরে গেলেও চলে যেতে পারে পরের পর্বে।
যেহেতু দু'দলেরই লক্ষ্য জয়, তাই ফুটবলবোদ্ধারা বলছেন, জমজমাট খেলা হবে এই ম্যাচে। তবে দু'দলেরই শক্তি প্রয়োগ করে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি তারা।
প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের রক্ষণভাগের দীর্ঘদেহী খেলোয়াড়রা আটকে দিয়েছিলেন স্পেনের আক্রমণভাগের খেলোয়াড়দের। এরপর পাল্টা আক্রমণ চালিয়ে গোল আদায় করে নেয় সুইসরা। সেটি দেখেই ম্যাচের কৌশল ঠিক করেছেন চিলির কোচ।
দলের রক্ষণভাগের খেলোয়াড় গ্যারি মেন্ডেল বলেছেন, "সুইস খেলোয়াড়রা বেশ লম্বা ও শক্তিশালী। মূলত একেই কাজে লাগিয়েছে তারা স্পেনের বিপক্ষে। তাই আমাদের কৌশল হবে ওদের রক্ষণভাগে ফাটল ধরানো।"
তার সঙ্গে গলা মিলিয়েছেন মাঝ-মাঠের খেলোয়াড় ইসমায়েল ফুয়েন্তেসও, "সুইজারল্যান্ডের রক্ষণভাগে ফাটল ধরানোই হবে আমাদের লক্ষ্য।" এ ম্যাচে খেলার জন্য চিলি ফিরে পাচ্ছে তাদের এক নম্বর তারকা আক্রমণভাগের খেলোয়াড় হামবার্তো সুয়াজোকে।
এদিকে প্রথম ম্যাচে স্পেনকে হারালেও সাবধানে আছেন সুইজারল্যান্ডের কোচ ওটমার হিজফেল্ড। তিনি এ কথাও বলেছেন "চিলির বিপক্ষে আমরা পিছিয়ে থেকেই খেলতে নামব। বাছাইপর্বে ওরা আর্জেন্টিনার ওপরে ছিল। কাজেই এমন দলের বিপক্ষে মাথা ঠান্ডা রেখেই খেলতে হবে।"
ম্যাচে খেলতে পারেন সুইজারল্যান্ডের সেরা তারকা আলেকজান্ডার ফ্রেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২০ ঘ.
bdnews24