জোহানেসবার্গ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদের কিনারায় দাঁড়িয়ে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার স্পেন। সোমবার 'এইচ' গ্র"পে নিজেদের দ্বিতীয় খেলায় হন্ডুরাসকে হারাতে না পারলে বিদায় নিতে হতে পারে ইউরো চ্যাম্পিয়নদের ।
প্রথম খেলায় স্পেনকে ১-০ গোলে হারায় সুইজারল্যান্ড। হন্ডুরাসও নিজেদের প্রথম খেলায় ১-০ গোলে হার মানে চিলির কাছে। তাই দু'দলের কাছেই এই খেলার গুরুত্ব অপরিসীম।
গত ৪৯ টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র দু'টিতে হেরেছে স্পেন। সর্বশেষ হার মানে তারা বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে। এই হারের কারণে বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ের শঙ্কায় পড়েছে স্পেন।
তবে স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় ফার্নান্দো তোরেস জোরের সঙ্গে বলছেন, "বিশ্বকাপ থেকে এত আগে বিদায় নিতে আমরা আসিনি। অতীতেও আমরা এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছি, এবারও তাই করব।"
তাই বলে হন্ডুরাসকে মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না তোরেস। বলেছেন, "ওদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। পাল্টা আক্রমণ চালিয়ে ওরা যে কোনো দলকে বিপদে ফেলতে পারে। তাই নিজেদের উজাড় করে দিয়ে খেলতে হবে আমাদের।"
২৬ বছর বয়সী এই তারকা প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। তবে এই খেলায় থাকছেন প্রথম একাদশেই। কারণ কোচ দেল বস্কো এ ম্যাচে দলকে খেলাবেন ৪-৪-২ পদ্ধতিতে। প্রথম ম্যাচে দলকে ৪-৫-১ পদ্ধতিতে খেলিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।
তাই হন্ডুরাসের বিপক্ষে গোল করার জন্য ডেভিড ভিলার সঙ্গে থাকবেন তোরেস। মাঝ-মাঠে রয়েছেন জাভি ও ইনিয়েস্তা। সঙ্গে থাকছেন সিসে ফ্যাব্রেগাসও। প্রথম ম্যাচে তিনি খেলেননি। জেরার্ড পিকে মনে করছেন, ফ্যাব্রেগাস খেললে দল ছন্দময় ফুটবল উপহার দিতে পারবে।
এদিকে হন্ডুরাস কোচ রোনালদো রুইদা মনে করছেন, সর্ব শক্তি নিয়ে স্পেন তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। তিনি বলেন, "প্রথম ম্যাচে হেরে স্পেন অবশ্যই চাপে থাকবে। সেই সুযোগটাই আমরা নেবো। জানি ওরা ভালো দল। কিন্তুু আমরাও লড়ে যাব। কারণ দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ তো আমাদেরও আছে।"
হন্ডুরাস কোচের প্রধান ভরসা তার আক্রমণভাগের সেরা তারকা ডেভিড সুয়াজো। চোটের জন্য প্রথম ম্যাচে খেলেননি তিনি। তবে স্পেনের বিপক্ষে তাকে পাচ্ছেন রুইদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১৬ ঘ.
bdnews24