ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ঘণ্টারও বেশি সময় দশ জন নিয়ে খেলেও ঘানার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের 'ডি' গ্র"পের এই খেলায় ২৪ মিনিটের মাথায় লাল কার্ড পান অস্ট্রেলিয়ার খেলোয়াড় হ্যারি কেওয়েল। সেইসঙ্গে রেফারি অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টিরও নির্দেশ দেন।
এক গোলে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে আসামোহ জিয়ান সমতাসূচক গোল করেন। তবে খেলার বাকি সময় আর কোনো বিপর্যয় ঘটতে দেয়নি সকারুসরা।
অথচ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া অস্ট্রেলিয়া শনিবার রয়্যাল বাফোকেং স্টেডিয়ামে দারুণ সূচনা করেছিল। খেলার ১১ মিনিটেই তারা ১-০ গোলে এগিয়ে যায়।
প্রায় ৩০ গজ দূর থেকে মার্ক ব্রেসিনাসিওর ফ্রি-কিক ঘানার গোলরক্ষক কিংসনের হাত থেকে ফস্কে বেরিয়ে আসলে চমৎকার শটে ব্রেটি হলম্যান জালে জড়িয়ে দেন বল।
পিছিয়ে পড়ে ঘানা একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে সকারুসদের সীমানায়। এরই ধারাবাহিকতায় ২৪ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে উড়ে আসা একটি ক্রসে জোনাথন মেনসাহ শক্তিশালী শট নেন অস্ট্রেলিয়ার গোলপোস্টে। বলটি গোল লাইনে দাঁড়িয়ে থাকা অসি খেলোয়াড় হ্যারি কেওয়েলের ডান বুক ও বাহুতে লেগে ফিরে আসে। সঙ্গে সঙ্গে ঘানার ফুটবলাররা হ্যান্ড-বলের দাবি জানায় রেফারির কাছে। ইতালির রেফারি রোসেত্তি দেরি না করে হ্যান্ডবলের আবেদন মঞ্জুর করেন। সেইসঙ্গে কেওয়েলকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।
পেনাল্টি থেকে গোল করে ঘানাকে খেলায় ফিরিয়ে আনেন আসামোহ জিয়ান। দুই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চেপে ধরে ঘানা। কিন্তু অস্ট্রেলিয়ার রক্ষণব্যুহ ভেদ করতে পারেনি তারা। এ সময় ঘানার আক্রমণভাগের খেলোয়াড়রা বেশ কয়েকবার দূরপাল্লার আচমকা শটে অসি গোলরক্ষক শোয়ারজারকে পরাস্ত করার চেষ্টা চালায়।
কিন্তু তাদের শট বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হয় কিংবা অত্যন্ত দক্ষতার সঙ্গে শোয়ারজার তা ধরে ফেলেন।
তবে খেলার ৬৭ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে দারুণ এক সুযোগ তৈরি করে অস্ট্রেলিয়া। লুক উইলশায়ারের ক্রসে বদলি খেলোয়াড় চিপারফিল্ড হেড করেন। কিন্তু বল চলে যায় ঘানার বারের ওপর দিয়ে।
ওই ৬৭ মিনিটেই পাল্টা আক্রমণ চালিয়ে ঘানাও একটি সুবর্ণ সুযোগ তৈরি করে। কিন্তু একে কাজে লাগাতে পারেনি তারা। ডানপ্রান্ত থেকে আসামোহ জিয়ানের মাটি কামড়ানো ক্রস গোলরক্ষক শোয়ারজারকে পরাস্ত করে ছোট বক্সের ভেতর দিয়ে চলে গেলেও তাতে পা ছোঁয়াতে পারেননি কোয়াদো আসামোহ।
৭১ মিনিটে বোয়েটাংয়ের কাছ থেকে বল পেয়ে মাটি কামড়ানো শট নেন জিয়ান। কিন্তু গোল পোস্টের বাইরে দিয়ে চলে যায় বল।
দু'মিনিট পরই অবিশ্বাস্য এক সুযোগ তৈরি করে অস্ট্রেলিয়া। লুক উইলশায়ারের নিচু শটটি অসাধারণ দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন গোলরক্ষক কিংসন।
অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় ওউসুআবিলির জোরালো শট ঘুষি মেরে বারের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন সকারু গোলরক্ষক। কিছুক্ষণ পরই খেলা শেষের বাঁশি বাজান রেফারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২২৩ ঘ.
bdnews24