নেলসপ্র"ইট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৮ নম্বর দল। তারপরও রোববার কিউইদের বিপক্ষে 'এফ' গ্রুপের খেলাটি নিয়ে শঙ্কাতেই আছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। কারণ পা পিছলে পড়লেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের।
নিজেদের প্রথম ম্যাচে মার্সেলো লিপ্পির দল ১-১ গোলে ড্র করেছিল প্যারাগুয়ের সঙ্গে। নিউজিল্যান্ডও ১-১ গোলে খেলা শেষ করে স্লোভাকিয়ার বিপক্ষে। তাই এ খেলার ওপর অনেকটা নির্ভর করছে দু'দলেরই দ্বিতীয় পর্বে ওঠা।
অথচ ইতালি পাচ্ছে না তাদের তারকা গোলরক্ষক জিয়ানলুকা বুফোঁকে। কারণ পিঠের চোট। তার জায়গা নিচ্ছেন জাতীয় দলের হয়ে মাত্র ছয়টি ম্যাচ খেলা ফেদেরিকো মার্চেত্তি। ২৭ বছর বয়সি এই গোলরক্ষকের মধ্যে আস্থার অভাব রয়েছে যথেষ্ট। তবে এর চেয়েও লিপ্পি বেশি ভাবছেন কিউই খেলোয়াড়দের উচ্চতা এবং দৈহিক গঠন নিয়ে।
তিনি বলেছেন, "কিউই খেলোয়াড়রা বেশ শক্তিশালী। এছাড়া উচ্চতা বেশি হওয়ায় হাওয়ায় ভাসা বলের লড়াইয়ে ওরা সব সময়ই এগিয়ে থাকে। এসব বিবেচনা করেই আমরা খেলার কৌশল ঠিক করবো।"
গত বছর কনফেডারেশন কাপের আগে নিউজিল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল ইতালি। তাতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জেতে ৪-৩ গোলে। এরই মধ্যে খেলোয়াড়দের সে কথা মনে রাখার পরামর্শ দিয়েছেন লিপ্পি।
ইতালি কোচ তার দলকে ৪-৪-২ কিংবা ৪-২-৩-১ পদ্ধতিতে খেলাবেন বলে ধারণা করা হচ্ছে। চোটে পড়ায় আন্দ্রে পিরলো এ ম্যাচেও খেলছেন না। কাজেই লিপ্পির ভরসা এখন আলবার্তো জিলারদিনো ও ভিনসেঞ্জা ইয়াকুইন্তা। খেলাতে পারেন আন্তোনিও দ্য নাটালিকেও।
লিপ্পি ম্যাচের কৌশল নিয়ে চিন্তা-ভাবনায় থাকলেও নির্ভার রয়েছে নিউজিল্যান্ড। দলের রক্ষণভাগের তারকা টমি স্মিথ সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের হারানোর কিছুই নেই। কেউ কিছু আশাও করছে না। আমরা মাঠে নামবো নিজেদের প্রমাণ করার জন্য। বুঝিয়ে দিতে চাই বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে টক্কর দেয়ার সামর্থ্য আমাদের রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএইচ/টিআর/১৭৪১ ঘ.
bdnews24