২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের তারকা

মেসি, কাকা, রুনি রোনালদো ও রবিনহোদের পেছনে ফেলে এ সপ্তাহের সেরা তারকা হয়েছেন আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলার গঞ্জালো হিগুয়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 12:27 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেসি, কাকা, রুনি রোনালদো ও রবিনহোদের পেছনে ফেলে এ সপ্তাহের সেরা তারকা হয়েছেন আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলার গঞ্জালো হিগুয়েন। কারণটি সহজেই অনুমেয়। এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা গোলদাতা তিনিই। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রথম হ্যাট্রিকের মালিকও তিনি। অথচ বিশ্বকাপ শুরুর আগে কোচ দিয়েগো ম্যারাডোনার কাছেও খুব একটা গুরুত্বপূর্ণ বিবেচিত হননি হিগুয়েন। বরং কিছুটা উপেক্ষাই জুটেছে ২২ বছর বয়সী এ তরুণ খেলোয়াড়ের কপালে। বাছাই পর্বের খেলাগুলোতে দলের হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ পাননি হিগুয়েন। আর্জেন্টিনার চূড়ান্ত পর্বে ওঠার আশা যখন ক্রমশই ফিঁকে হয়ে আসছে, মেসি-তেভেজরা চরম গোল খরায় ভুগছেন, তখন পেরুর বিপক্ষে মরা বাঁচার লড়াইয়ে হিগুয়েনকে মাঠে নামানোর মতো জুয়া খেলেন ম্যারাডোনা। খেলার চার মিনিটের মাথায় গোল করে কোচ ম্যারাডোনার তুরুপের তাসে পরিণত হন তিনি। শেষ ম্যাচে গোল না করলেও দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। আর্জেন্টিনা পেয়ে যায় বিশ্বকাপের অমূল্য টিকেট। বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে বারবার পোস্টের বাইরে বল মেরে আর্জেন্টাইন ভক্তদের সমালোচনার তোপে পড়েন হিগুয়েন। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মোকাবিলায় নামে আর্জেন্টিনা। এ ম্যাচে ভেরন না খেলায় মেসি কিছুটা নিচে নেমে খেলেন। বাড়তি দায়িত্ব পড়ে হিগুয়েনের কাঁধে। দায়িত্ব পেয়ে রীতিমতো ঝলসে ওঠেন হিগুয়েন। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২৭ গোল করা হিগুয়েন তিন তিনটি গোল করেন। আদায় করেন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। যদিও অসাধারণ নৈপুণ্যে প্রতিটি গোলেরই যোগান দিয়েছেন লায়োনেল মেসি, তবে সেগুলোকে প্রতিপক্ষের জালে জড়ানোর কাজটি সুচারুভাবেই করেছেন হিগুয়েন। দক্ষিণ কোরিয়াকে শেষ পর্যন্ত ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেইসঙ্গে তারকাখ্যাতিতে জ্বলজ্বল করছেন গঞ্জালো হিগুয়েনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএমএইচ/১৬৪৭ ঘ.