জোহানেসবার্গ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে আরো একটি জিভে জল আনা ম্যাচ রোববার। 'জি' গ্র"পের এই খেলায় মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার অন্যতম সেরা ফুটবল শক্তি আইভরি কোস্ট।
বিশ্বকাপে দু'দলেরই এটি দ্বিতীয় খেলা। প্রথম ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হারিয়েছিল উত্তর কোরিয়াকে। আর নিজেদের প্রথম খেলায় আইভরি কোস্ট গোল শূন্য ড্র করে পর্তুগালের সঙ্গে। তাই দ্বিতীয় পর্বে ওঠার জন্য খেলাটি দু'দলের কাছেই গুরুত্বপূর্ণ।
আসলে, এক হিসেবে এটি গুরু-শিষ্যের খেলাও। ১৯৮৮-৮৯ মৌসুমে ব্রাজিল কোচ কার্লোস ডুঙ্গা যখন ইতালির ফিওরেন্টিনায় খেলতেন, তখন তার কোচ ছিলেন আইভরি কোস্টের বর্তমান কোচ সভেন গোরান এরিকসন। ২৫ বছর বয়সি ডুঙ্গার মধ্যে তখনই তিনি দেখেন নেতৃত্বের গুনাবলী।
তাই ম্যাচের আগে ডুঙ্গার বেশ প্রশংসাই করেন এরিকসন, "আমি ওকে এক বছরের জন্য ফিওরেন্টিনাতে পেয়েছিলাম। তখনই দেখেছিলাম খেলোয়াড় হলেও ফুটবলের কৌশলগত দিক নিয়ে ওর জানা-শোনা প্রচুর। আর খেলোয়াড় হিসেবেও ছিল খুব হিসেবি। সেটাই এখন ওর 'কোচিং'-দর্শন।"
খেলায় ব্রাজিলের অধিনায়ক লুসিও ও গোলরক্ষক জুলিও সিজারের সঙ্গে আইভরি কোস্ট অধিনায়ক দিদিয়ের দ্রগবার সম্ভাব্য লড়াই নিয়েই কথা হচ্ছে বেশি।
প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও রোববার শুরু থেকেই হাতে প্লাস্টার বেঁধে খেলবেন দ্রগবা। এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলানের দুই খেলোয়াড় লুসিও এবং সিজারের সঙ্গে চেলসির দ্রগবার লড়াইটা বেশ জমে উঠেছিল।
দুই পর্বের লড়াইয়ে চেলসিকে হারিয়েছিল ইন্টার। ফিরতি খেলায় মাথা গরম করায় অবশ্য লাল কার্ড দেখেন দ্রগবা। সে কথা মনে করিয়ে দিয়ে সিজার বলেন, "পায়ের পাশাপাশি মাথার ব্যবহারে দ্রগবা সমান পারদর্শী। ওর দিকে বাড়তি নজর রাখতেই হবে।"
খেলায় জয় পেলে ব্রাজিলের দ্বিতীয় পর্বে ওঠার পথ সুগম হবে। একই ভাবে জয় আইভরি কোস্টকেও ফিরিয়ে আনবে দ্বিতীয় পর্বে ওঠার লড়াইয়ে।
ব্রাজিলের মাঝ-মাঠের খেলোয়াড় জুলিও ব্যাপতিস্তা মনে করছেন, উত্তর কোরিয়ার মতো রক্ষণভাগে দশজন নিয়ে খেলবে না আইভরি কোস্ট। ইতিবাচক ফুটবলই খেলবে দ্রগবার দল। তাই জমে উঠবে খেলা।
বিশ্বকাপে ব্রাজিল কখনো আফ্রিকার কোনো দলের কাছে হারেনি। পাঁচ খেলায় হারিয়েছে জায়েরে, আলজেরিয়া, ক্যামেরুন, মরক্কো এবং ঘানাকে। তবে পরিসংখ্যান বদলে যেতে তো আর সময় লাগে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৬৩৫ ঘ.
bdnews24