জোহানেসবার্গ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছিল অস্ট্রেলিয়ার। এবার সেই ধাক্কা সামলে ওঠার সুযোগ এসেছে সকারুদের সামনে। শনিবার বিশ্বকাপের গ্র"প 'ডি' এর ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে ঘানার।
জার্মানির কাছে নিজেদের প্রথম খেলায় ০-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর চাপে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় পর্বে উঠতে হলে এই খেলায় জয় চাই তাদের। হেরে গেলে বিদায় প্রায় নিশ্চিত।
তবে আফ্রিকার দেশ ঘানা রয়েছে কিছুটা সুবিধাজনক অবস্থানে। প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারিয়ে দেয় সার্বিয়াকে। তাই এই খেলা জিতলে দ্বিতীয় পর্বে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের।
রাস্টেনবার্গে সকারুদের বধ করার জন্য জার্মানির কৌশলই বেছে নেবে ঘানা। মাঝ-মাঠের খেলোয়াড় ইব্রাহিম আইয়ু বলছিলেন, "আমরা শুরু থেকেই আক্রমণ চালিয়ে খেলার নিয়ন্ত্রণ হাতে তুলে নিতে চাই। তাই প্রথম ১৫ মিনিট খুবই গুরুত্বপূর্ণ।"
জার্মানির কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে প্রস্তুত অস্ট্রেলিয়াও। দলের রক্ষণভাগের ফুটবলার স্কট চিপারফিল্ড বলছিলেন, "আমরা জানি ঘানা শত্তিশালী প্রতিপক্ষ। কিন্তু জার্মানদের বিপক্ষে ম্যাচটি এখন শুধু অতীত ছাড়া আর কিছুই নয়। ঘানাকে সহজে ছেড়ে দেবো না আমরা।"
তবে সকারুদের জন্য খারাপ খবরও রয়েছে। তাদের সেরা খেলোয়াড় টিম কাহিল মাঠে নামতে পারছেন না। আগের ম্যাচে লালকার্ড দেখেছিলেন তিনি।
টিম কাহিলের জায়গায় খেলতে পারেন হ্যারি কেওয়েল। তিনি নিজেই এ কথা জানালেন। বললেন, "চোট থেকে সেরে উঠেছি আমি। ৯০ মিনিট খেলার মতো পুরোপুরি সুস্থ আমি। আশা করছি, কোচ আমাকে প্রথম একাদশেই রাখবেন।"
ঘানাকেও অবশ্য দলের সেরা খেলোয়াড় মাইকেল এসিয়েনকে ছাড়াই মাঠে নামতে হবে। চোটের কারণে দলে নেই খেলা গড়ার এই কারিগর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮০২ ঘ.
bdnews24