ডারবান, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যে দল জিতবে সে দলের জন্য দ্বিতীয় পর্বে ওঠার পথ সুগম হবে, এমন একটা অবস্থায় শনিবার বিশ্বকাপের 'ই' গ্র"পের খেলায় মুখোমুখি হতে যাচ্ছে জাপান ও নেদারল্যান্ডস।
নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল জাপান ও নেদারল্যান্ডস। জাপান ১-০ গোলে হারায় ক্যামেরুনকে। আর ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলে জেতে ওলন্দাজরা। তাই ম্যাচটা দু'দলের জন্যই গুরুত্বপূর্ণ।
জাপানের কোচ তাকেশি ওকাদা এ ম্যাচেও জয় চান। প্রথম ম্যাচে তিনি খেলাননি সেলটিক তারকা শানসুকে নাকামুরাকে। তার জায়গায় খেলেছিলেন কেইসুকে হোন্ডা। তার সেই জুয়া কাজে লেগেছিল। কারণ হোন্ডার একমাত্র গোলেই ক্যামেরুনকে হারায় জাপান।
এই গোল দিয়ে রুশ ক্লাব সিএসকেএ মস্কোর মাঝ-মাঠের খেলোয়াড় হোন্ডা এখন কোচের আস্থা অর্জন করে নিয়েছেন। তাই নেদারল্যান্ডসের বিপক্ষেও তার খেলা নিশ্চিত। তবে জাপান কোচ খেলার কৌশল নিয়ে কোনো কথা বলেননি। কেবল বলেছেন, "প্রথম ম্যাচে আমার দল চাপের মুখেও বেশ ভালো খেলেছে। শনিবারও তাই আশা করছি। জেতার জন্য আমরা যে কোনো সময় কৌশল বদলাতে পারি।" তবে জাপানের মাঝ-মাঠের খেলোয়াড় ইয়াসুহিতো এন্ডো আভাস দিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা রক্ষণাত্মক ফুটবলই খেলবেন।
এদিকে শনিবারের ম্যাচেও ওলন্দাজ তারকা আরিয়েন রোবেনের খেলা অনিশ্চিত। তবে তা নিয়ে ভাবছেন না সতীর্থ নাইজেল জং। বলেছেন, "আমরা নিজেদের মেলে ধরার জন্য বিশ্বকাপ খেলতে এসেছি। আর সে সামর্থ্য আমাদের আছে।" কোচ বার্ট ফন মারউইকেরও তার খেলোয়াড়দের ওপর আস্থার অভাব নেই। বলেছেন, "আপাতত দ্বিতীয় পর্বে ওঠাই আমাদের লক্ষ্য।"
এমনিতে সব দিক দিয়ে এগিয়ে আছে নেদারল্যান্ডস। এর আগে এক প্রীতি ম্যাচে দু'দল মুখোমুখি হয়েছিল একবারই। খেলায় ওলন্দাজরা জিতেছিল ৩-০ গোলে। তবে খেলায় অঘটন তো ঘটেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭২৩ ঘ.
bdnews24