২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়াকে হারালেই জার্মানি দ্বিতীয় পর্বে

সার্বিয়ার বিপক্ষে শুক্রবার জিতলেই জার্মানি উঠে যাবে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 12:20 PM

পোর্ট এলিজাবেথ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্বিয়ার বিপক্ষে শুক্রবার জিতলেই জার্মানি উঠে যাবে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে। মাইকেল বালাকসহ বেশ কয়েকজন তারকা না থাকায় জার্মানির তরুণ এই দলটি নিয়ে অনেকেরই মনে সংশয় ছিল। কিন্তু তা উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচে জার্মানি ৪-০ গোলে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়াকে। প্রথম ম্যাচে সার্বিয়া ১-০ গোলে হেরে যায় ঘানার কাছে। কাজেই তাদের কাছে এটি টিকে থাকার লড়াই। তবে সন্দেহ নেই প্রথম ম্যাচের তুলনায় জার্মানিকে এ ম্যাচে একটু কঠিন পরীক্ষাই দিতে হবে। তা মেনে নিয়েই জার্মানির সামি খেদিরা বলছেন, "সার্বিয়া যে মরণ-কামড় দেয়ার চেষ্টা করবে তা জানি। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়েছি।" এই খেলায় জার্মান দলে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন কোচ জোয়াকিম লো। মাঝ-মাঠের খেলোয়াড় বাস্টেইন সোয়াইন্সটিগার সামান্য চোট পেয়েছিলেন। তবে মাঠে নামছেন তিনি। এদিকে সার্বিয়াও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়ার প্রস্তুতি নিচ্ছে। দলের বেশ কয়েকজন খেলেন বুন্দেজলিগায়। মাঝ-মাঠের খেলোয়াড় গোজকো কাসার ও আক্রমণভাগের মার্কো প্যান্তেলিচ, দুজনেই খেলেন হের্থা বার্লিনে। ক্লাবে তাদের সতীর্থ জার্মানির আর্নে ফ্রেডরিখ। এছাড়া আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের নেমানিয়া ভিডিচ। তাই জার্মানিকে সমীহ করলেও ভয় পাচ্ছে না সার্বিয়া। কাসারের ভাষায়, "বুন্দেজলিগায় খেলি বলেই জানি জার্মানি কতটা ভালো দল। কিন্তু আমরা ইতিবাচক ফুটবল খেলবো।" ইতিহাস অবশ্য জার্মানির পক্ষেই কথা বলছে। সার্বিয়া এবং সাবেক সার্বিয়া - মন্টেনিগ্রোর বিপক্ষে সব ম্যাচেই তারা জিতেছে। তবে অঘটন তো ঘটতেই পারে। স্পেন-সুইজারল্যান্ড ম্যাচই এর প্রমাণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭৫৭ ঘ.