২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন গোলে হার দ. আফ্রিকার

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বুধবার ৩ -০ গোলে হার মানে তারা উরুগুয়ের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 08:59 PM

Updated : 25 Aug 2022, 12:14 PM

প্রিটোরিয়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বুধবার ৩ -০ গোলে হার মানে তারা উরুগুয়ের কাছে। দু'টি গোল করেন উরুগুয়ের তারকা খেলোয়াড় ডিয়েগো ফোরলান। প্রথমটি দুর্দান্ত শটে আর দ্বিতীয়টি পেনাল্টি থেকে। অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করেন আলভারো পেরেইরা। এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে ওঠার পথে অনেকটা এগিয়ে গেল উরুগুয়ে। আর দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে প্রথম পর্ব থেকে বিদায় নেয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা। খেলায় গতি ছিল। কিন্তু ছিল না পরিকল্পিত আক্রমণ। দু'দলেরই আক্রমণ প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে থেমে গেছে। তাই মাঝ-মাঠই খেলা সীমাবদ্ধ ছিল বেশিরভাগ সময়। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চেষ্টা করেছে বলের দখল ধরে রেখে উরুগুয়েকে চেপে ধরার। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে যে দক্ষিণ আফ্রিকাকে দেখা গিয়েছিল, উরুগুয়ের বিপক্ষে স্বাগতিকদের সে তুলনায় অনেকটা ম্লান মনে হয়েছে। মেক্সিকোর বিপক্ষে গোলদাতা শাবালালা কেবল তার স্বভাবসুলভ কায়দায় বার কয়েক দূর-পাল্লার শট নেন। কিন্তু তাতে গোল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা স্টিভ পিনারও তার নামের প্রতি সুবিচার করে খেলতে পারেনি। এদিকে উরুগুয়ের আক্রমণে নেতৃত্ব দিয়েছেন লুই সুয়ারেজ এবং ডিয়েগো ফোরলান। তাদের গতি এবং দক্ষতা স্বাগতিকদের রক্ষণভাগে মাঝেমধ্যেই ফাটল সৃষ্টি করছিল। গোলের প্রথম সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ২২ মিনিটে সুয়ারেজের তীব্র শট চমৎকারভাবে ধরেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমেলেং খুনে। তবে দু'মিনিট পর ফোরলান যে শট নেন তা ঠেকানোর সাধ্য ছিল না তার। বিনা মেঘে বজ্রপাতের মতো খেলার ২৪ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে তিনি এই বাঁকানো শটটি নিয়েছিলেন। গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য কম চেষ্টা করেনি দক্ষিণ আফ্রিকা। কিন্তু উরুগুয়ের রক্ষণভাগ তাদের সে চেষ্টা ব্যর্থ করে দেয়। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পরও দুই দল খেলেছে সমান তালে। তবে অভিজ্ঞতায় দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে এগিয়ে যায় দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ফোরলান। সতীর্থ সুয়ারেজকে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক খুনে ছোট বক্সের ভেতর ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন। সেই সঙ্গে খুনেকে লাল কার্ডও দেখান। অতিরিক্ত সময়ে সুয়ারেজের ক্রসে মাথা ছুঁইয়ে দক্ষিণ আফ্রিকার কফিনে শেষ পেরেক ঠোকেন আলভারো। ফলে বড় ব্যবধানেই ম্যাচ জেতে উরুগুয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০২৫৩ ঘ.