২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনকে হারিয়ে সুইজারল্যান্ডের অঘটন

বিশ্বকাপে প্রথম অঘটন ঘটালো সুইজারল্যান্ড। বুধবার 'এইচ' গ্র"পের ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 04:29 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

ডারবান, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে প্রথম অঘটন ঘটালো সুইজারল্যান্ড। বুধবার 'এইচ' গ্র"পের ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে। খেলার ৫২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সুইজারল্যান্ডের গেলসন ফার্নান্ডেজ। যদিও খেলায় স্পেনের আধিপত্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তারপরও হার মেনেই মাঠ ছাড়তে হয় ইউরো চ্যাম্পিয়নদের। ছোট ছোট 'পাসে' খেলে শুরু থেকেই সুইজারল্যান্ডকে চেপে ধরে স্পেন। দীর্ঘদেহী সুইস খেলোয়াড়দের বিপক্ষে মাটিতে বল রেখে খেলাই ছিল স্পেনের কোচ ভিসেন্ত দেল বস্কোর প্রাথমিক পরিকল্পনা। সেই পরিকল্পনায় সফল হন বস্কো। কিন্তু সুইজারল্যান্ডের বক্সের সামনে ক্রসগুলো কাজে লাগাতে পারেনি ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম দশ মিনিট তো বলা চলে বলই পায়নি সুইজারল্যান্ড। সারাক্ষণ বল ঘোরাফেরা করেছে স্পেনের খেলোয়াড়দের পায়ে পায়ে। এর মধ্যে সার্জিও র‌্যামোসের ক্রস কাজে লাগাতে পারেননি ডেভিড ভিলা। খানিক পরই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন ভিলা। কিন্তু তার শট ধরতে কোনো অসুবিধা হয়নি গোলরক্ষক ডিয়েগো বেনাগলিওর। স্পেনের রক্ষণভাগ থেকে রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও র‌্যামোস নিয়মিত উঠে এসে ডানপ্রান্ত থেকে আক্রমণ রচনায় সহায়তা করেন। ১৬ মিনিটে র‌্যামোস নিজেই ঢুকে পড়েছিলেন সুইজারল্যান্ডের বক্সে। কিন্তু তার শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। সুইজারল্যান্ডের গোলরক্ষককে পরীক্ষা করতে চেয়েছিলেন ইনিয়েস্তাও। তার শটও ধরে ফেলেন বেনাগলিও। শেষ পর্যন্ত ২৩ মিনিটে ভালো একটি আক্রমণ চালায় সুইজারল্যান্ড। রেটো জিগলারের শট ধরে ফেলেন স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। এরপর ম্যাচে আবার স্পেনের আধিপত্য। মাঝ-মাঠে জাভি আলোন্সো খেলা তৈরি করছিলেন। পেছন থেকে সাহায্য করছিলেন র‌্যামোস এবং কাপডেভিলা। কিন্তু সামনে সিলভা, ডেভিড ভিয়া এবং ইনিয়েস্তা সুইজারল্যান্ডের রক্ষণভাগ ভেদ করতে পারেননি। আক্রমণের কমতি ছিল না ইউরো চ্যাম্পিয়নদের। কিন্তু সবই মাঠে মারা যাচ্ছিল সুইজারল্যান্ডের রক্ষণভাগে এসে। তবে প্রথমার্ধের সেরা সুযোগটি নষ্ট করেন জেরার্ড পিকে। ছোট বক্সে ঢুকে একজনকে কাটিয়ে গোলরক্ষকের গায়ে বল মারেন তিনি। বিরতির ঠিক আগে ভিলা বল নিয়ে ফের ঢুকে পড়েছিলেন সুইজারল্যান্ডের বিপদ সীমায়। একজনকে কাটিয়ে সামনে পান শুধু গোলরক্ষককে। কিন্তু তিনিও বল বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। দ্বিতীয়ার্ধেও একইভাবে খেলা শুরু করে স্পেন। কিন্তু স্টেডিয়াম ভর্তি দর্শককে অবাক করে দিয়ে স্রোতের বিপরীতে ম্যাচে এগিয়ে যায় সুইজারল্যান্ড। সুইস গোলরক্ষক বেনাগলিও উঁচু করে গোল-কিক করেছিলেন। সেটি ধরে নেন আর্নে ডেরডিয়েক। তার কাছ থেকে বল পেয়ে গোল করেন গেলসন ফার্নান্ডেজ। এরপর হতচকিত স্পেন খেলায় ফেরার জন্য মাঠে নামায় ফার্নান্দো টোরেসকে। এতে স্পেনের আক্রমণে তীব্রতা পায় ঠিকই, কিন্তু গোল সোনার হরিণ হয়ে যায় তাদের কাছে। কিছুতেই পোস্ট খুজে পাচ্ছিলেন না ভিলা, টোরেসরা। ভাগ্যও বঞ্চিত করে স্পেনকে। কর্নার থেকে বল পেয়েছিলেন জাভি আলোন্সো। ১৮ গজ দূর থেকে তার শট সুইসদের পোস্টে লেগে মাঠে ফিরে আসে। আসলে ম্যাচে ফেরার জন্য যে খুনে মানসিকতা দরকার, স্পেনের সেটি ছিল না। এজন্য অবশ্য কৃতিত্ব দিতেই হবে সুইস রক্ষণভাগকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪১ ঘ.