২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একচেটিয়া খেলেও চিলির এক গোলে জয়

জা বুসেজর গোলে চিলি ১-০ তে হারিয়েছে হন্ডুরাসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

নেলসপ্রুইট, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জা বুসেজর গোলে চিলি ১-০ তে হারিয়েছে হন্ডুরাসকে। বিশ্বকাপের 'এইচ' গ্র"পের ম্যাচে বুধবার খেলার পুরোটা জুড়েই ছিল চিলির আধিপত্য। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের কিছুটা ব্যর্থতা, আর কিছুটা দুর্ভাগ্যের কারণে একচেটিয়া খেলেও একটির বেশি গোল করতে পারেনি তারা। শুরু থেকেই খেলায় গতির অভাব ছিল না। তবে চিলির সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি হন্ডুরাস। টানা আক্রমণ চালিয়ে গেছে চিলি। বিপরীতে কয়েকটি মাত্র পাল্টা আক্রমণ করে হন্ডুরাস। খেলার দুই মিনিটে ২৫ গজ দূর থেকে চিলির এস্তেবান পারেদেসের শট হন্ডুরাসের গোলরক্ষক ভালাদারেস কর্নারের বিনিময়ে রক্ষা করেন। খানিক পর ভালদিভিয়ার শট হন্ডুরাসের পোস্ট ছুঁয়ে যায়। খেলার ১৮ মিনিটে প্রথম আক্রমণ চালায় হন্ডুরাস। তবে তড়িঘড়ি করায় গোলে শট নেয়ার সুযোগ হারান কার্লোস পাভোন। এরপর খেলায় ফের চিলির আধিপত্য। শেষ পর্যন্ত ৩৫ মিনিটে কাক্সিক্ষত গোল পায় চিলি। ডান প্রান্ত থেকে ক্রস করেছিলেন মাউরিসিয়ো ইসলা। তাতে পা ছুঁইয়ে গোল করেন জা বুসেজর। বিরতির আগে চিলি আরো বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও চিলির সেই একাধিপত্য। কিন্তু গোলের সংখ্যা বাড়াতে পারেনি তারা। দারুণ খেলেও শেষ কাজটি, মানে গোল করার ক্ষেত্রে তাদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। অবশ্য হন্ডুরাসের গোলরক্ষক ভালাদারেসের কৃতিত্বকেও খাটো করে দেখার উপায় নেই। এদিকে দুর্দান্ত হয়ে উঠেছিলেন চিলির অ্যালেক্সিজ সানচেজ। তাকে ঠেকাতে গলদঘর্ম হয়েছে হন্ডুরাসের রক্ষণভাগ। দ্বিতীয়ার্ধে অন্তত গোটা চারেক গোলের সুযোগ নষ্ট করে চিলি। তাই শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় চিলিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫৩ ঘ.