২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস ও বিশ্লেষণ

ব্রাজিলের খেলা দেখে মন ভরল না। লাতিন ফুটবলের সেই নান্দনিকতাও খুব একটা দেখলাম না। তবে এরই নাম ব্রাজিল। মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ঠিকই ২-১ গোলে জয় তুলে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

ব্রাজিলের খেলা দেখে মন ভরল না। লাতিন ফুটবলের সেই নান্দনিকতাও খুব একটা দেখলাম না। তবে এরই নাম ব্রাজিল। মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ঠিকই ২-১ গোলে জয় তুলে নিয়েছে। প্রথমার্ধে ব্রাজিলকে একেবারেই সাদামাটা একটা দল বলে মনে হলো। শুধু শৈল্পিক ফুটবলই নয়, মনে হচ্ছিল ওরা যেন গোল করতেও ভুলে গেছে। অবশ্য এজন্য শুধু ব্রাজিলকে দায়ী করা ঠিক হবে না। উত্তর কোরিয়ার রক্ষণভাগের ফুটবলারদের কৃতিত্বও কম নয়। ওদের অতিরক্ষনাত্মক ফুটবলই আসলে ভুগিয়েছে ব্রাজিলকে। পাঁচজন ছিলেন রক্ষণভাগে। আক্ষরিক অর্থেই গোলে শট নেয়ার কোনো সুযোগই ওরা দেয়নি ব্রাজিলকে। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলপোস্ট আগলে রাখা সম্ভব হয়নি। মাইকনের গোলটি তো এক কথায় অসাধারণ। প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে গোল করা সহজ নয়। বলটি বাঁক নিয়ে ঢুকেছে কোরিয়ার পোস্টে। আমার মতে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটিই সেরা গোল। অসাধারণ 'ফিনিশিং'! ব্রাজিলের দ্বিতীয় গোলটিও নজর-কাড়া। গোলদাতা এলানোর চেয়ে আমি বেশি কৃতিত্ব দেব রবিনহোকে। তার বাড়িয়ে দেয়া বলটি ধরে গোল করা ছিল খুবই সহজ। যখন খেলতাম তখন এমন বলের অপেক্ষায় থাকতাম। শেষদিকে ব্যবধান কমিয়ে অবশ্য উত্তেজনা ফিরিয়ে এনেছিল উত্তর কোরিয়া। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে! আর্জেন্টিনা- দ.কোরিয়া বৃহস্পতিবার আবারো লিওনেল মেসির খেলা দেখতে বসবো টেলিভিশন সেটের সামনে। সমর্থকদের প্রত্যাশার অনেকটাই মিটিয়েছেন তিনি প্রথম ম্যাচে। আমার বিশ্বাস দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ও আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। ক্লাব ফুটবলের সেই যাদুকর মেসিকে দেখতে চাই। প্রথম ম্যাচে গঞ্জালো হিগুয়ান এবং কার্লোস তেভেজ খুব একটা ঝলসে উঠতে পারেননি। আমার মনে হয় কোচ ডিয়েগো ম্যারাডোনার আস্থা অর্জন করতে এবার নিজেদের আরো উজাড় করে দেবেন তারা। এমনিতেই নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ফুটবল আমাকে মুগ্ধ করেছে। কিন্তু গোল করার দুর্বলতা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না। এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। আমি নিশ্চিত প্রথম ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার বিপক্ষে ড্রয়ের জন্য খেলবে দক্ষিণ কোরিয়া। ১ পয়েন্টই তাদের জন্য সোনার হরিণ হয়ে উঠবে। হয়তো এই ড্র-ই তাদের নিয়ে যাবে দ্বিতীয় পর্বে। ফ্রান্স-মেক্সিকো উরুগুয়ের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করে বিপাকে আছে ফ্রান্স। জিনেদিন জিদান-বিহীন দলটির খেলা দেখে আমি সত্যিই হতাশ। ফ্রান্সকে বৃহস্পতিবার চাপে থেকেই মোকাবিলা করতে হবে মেক্সিকোকে। দেখুন, প্রথম ম্যাচে দলের তারকা ফুটবলাররা নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি। কোচ রেমন্ড ডমিনেখের কৌশলও খুব একটা ভালো লাগছে না। আমি জানি না কোচ কেন থিয়েরি অঁরিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামাচ্ছেন। প্রথম একাদশে ওর থাকা উচিত। পরে খেলতে না পারলে উঠিয়ে নিলেই হয়। দ্বিতীয় পর্বে উঠতে হলে এই ম্যাচে জিততেই হবে ফ্রান্সকে। দ্বিতীয় পর্বের সম্ভাবনা টিকিয়ে রাখতে তিন পয়েন্ট চাই মেক্সিকোরও। তাই লড়াইটা জমে উঠতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯২৬ ঘ.