পোলকওয়েন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় পর্বে উঠতে হলে জয় চাই। নইলে প্রথম পর্ব থেকে বিদায়ের শঙ্কা থেকেই যাবে। 'এ' গ্র"পে বৃহস্পতিবার ফ্রান্স-মেক্সিকো খেলার এটাই পূর্বশর্ত।
প্রথম খেলায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করেছিল মেক্সিকো। আর দশজনের উরুগুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ফ্রান্সকে।
মেক্সিকোর জেরার্ডো টোরাডো তাই বলছেন, "ফ্রান্সের তারকা খেলোয়াড়দের নিয়ে আমরা ভাবছি না। খেলাটা হবে ওদের ১১ জনের বিপক্ষে আমাদের ১১ জনের।"
টোরাডোর এই হুমকিকে উড়িয়ে দিচ্ছেন না ফ্রান্স কোচ রেমন্ড ডমেনেখ। জানিয়েছেন, "যেভাবেই বিবেচনা করা হোক না কেন মেক্সিকো অবশ্যই ভালো দল। ওরা যে কোনো দলকে বিপদে ফেলতে পারে।"
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মেক্সিকো ২-১ হারিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। সেই ম্যাচ দেখেই মেক্সিকোকে সমীহ করছেন ডমেনেখ, "ইতালি - মেক্সিকো ম্যাচটি আমি দেখেছি। মেক্সিকোর খেলা আমাকে মুগ্ধ করেছে। বল দখলের লড়াইয়ে ওদের এগিয়ে থাকতে দেয়া যাবে না। তাহলেই বিপদ।"
মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেজের রয়েছে ফরাসি লিগে খেলার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে এ ম্যাচে কাজে লাগাতে চান তিনি। বিশেষ করে ফরাসি আক্রমণভাগের খেলোয়াড়দের ঠেকাতে তিনিই নেবেন প্রধান ভূমিকা।
এদিকে আক্রমণভাগের তারকাদের নিয়েই চিন্তায় আছেন ফ্রান্স কোচ। কারণ বেশকিছু দিন থেকে গোল পাচ্ছেন না তারা। তাই বৃহস্পতিবার দলে কয়েকটি পরিবর্তন আনতে চান ডমেনেখ। শুরু থেকেই খেলাতে চান থিয়েরি অঁরিকে। তাই বেঞ্চে বসবেন নিকোলাস অ্যানেলকা। ১২২ আন্তর্জাতিক ম্যাচে ৫১ টি গোল করেছেন অঁরি। দলকে ৪-৩-২-১ পদ্ধতিতে খেলাবেন ডমেনেখ।
মেক্সিকো কোচ হ্যাভিয়ের আগুইরেও দলে পরিবর্তন আনছেন। ৩৭ বছর বয়সী অভিজ্ঞ কথেমোক ব্লাঙ্কোকে খেলাবেন শুরু থেকেই। সঙ্গে থাকবেন কার্লোস ভেলা। ফ্রান্সকে কঠিন পরীক্ষায় ফেলতে চান মেক্সিকো কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/
bdnews24