ব্লুমফন্টেইন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাঁচা-মরার লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে নাইজেরিয়া ও গ্রিস। গ্র"প 'বি' থেকে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠতে হলে এ খেলায় জিততেই হবে।
হার মানেই শেষ ১৬ তে ওঠার সম্ভাবনাও শেষ। কেননা, নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দেশ দু'টি। আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে। আর ২-০ গোলে গ্রিসের বিপক্ষে জেতে দক্ষিণ কোরিয়া।
জোহানেসবার্গে লিওনেল মেসিদের কাছে হারের ধাক্কা সামলে উঠতে প্রস্তুত আফিকার সুপার ইগলস হিসেবে পরিচিত নাইজেরিয়া।
প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা গোলরক্ষক ভিনসেন্ট এনইয়েমা বলছিলেন, "এবার আর সমর্থকদের হতাশ করতে চাই না। গ্রিসের বিপক্ষে জিততেই হবে।"
কোচের জন্য সুখবর, চোট কাটিয়ে দলে ফিরেছেন রক্ষণভাগের ফুটবলার তায়ে তাইয়ো। কোচ লার্স লাজেরবার্গ বলছিলেন, "ভুল থেকে শিক্ষা নেয়ার এই তো সুযোগ। আর এই সুযোগ হাতছাড়া করলে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হবে আমাদের।"
আক্ষরিক অর্থেই বিশ্বকাপ ফুটবলে ইউরোপের দলগুলোর বিপক্ষে নাইজেরিয়ার রেকর্ড খুবই ভালো। শেষ চারটি ম্যাচেই জিতেছে তারা, যার মধ্যে গ্রিসও ছিল।
এদিকে ২০০৪ সালের ইউরোপ চ্যাম্পিয়ন গ্রিসও হারের ধাক্কা সামলে উঠতে প্রস্তুত। দলের আক্রমণভাগের খেলোয়াড় দিমিত্রিস সালপিঙ্গিদিস বলছিলেন, "এই খেলায় জিততেই হবে। এজন্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে যাবো।"
সব মিলিয়ে ফ্রি স্টেট স্টেডিয়ামে জমজমাট একটি খেলা আশা করা যেতেই পারে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১৫ ঘ.
bdnews24